মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, মৃত ৭
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত মানুষের সংখ্যা বেড়ে সাত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, আজ শনিবার সকাল সাতটা নাগাদ মুম্বাইয়ের তারদেও এলাকায় ২০ তলা একটি ভবনের ১৮ তলায় আগুন লাগে। গান্ধী হাসপাতালের বিপরীতে কমলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাতটি ওয়াটার জেটিও আনা হয়। কিন্তু ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনো স্পষ্ট করে বলা হয়নি।
আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার সময় দুজনের মৃত্যু হয়েছে। পরে মৃত মানুষের সংখ্যা বেড়ে হয় সাত। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।