মুম্বাইয়ের হাজি আলী মাজারে নারীরা প্রবেশাধিকার পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ের জনপ্রিয় এই মাজারটিতে প্রবেশের অধিকার চেয়ে লড়াই করছে মুসলিম নারীরা। ছবি: এএফপি
মুম্বাইয়ের জনপ্রিয় এই মাজারটিতে প্রবেশের অধিকার চেয়ে লড়াই করছে মুসলিম নারীরা। ছবি: এএফপি

ভারতের মুম্বাইয়ের হাজি আলী মাজারে নারীরা প্রবেশ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন দেশটির আদালত। ওই মাজারে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞাকে ‘সংবিধান পরিপন্থী’ এবং ‘নারীর প্রতি বৈষম্য’ উল্লেখ করে আজ শুক্রবার মুম্বাই হাইকোর্ট এ আদেশ দেন। খবর বিবিসির।

খবরে বলা হয়, মুসলিম নারীরা এ মাজারটিতে প্রবেশের অধিকার চেয়ে লড়াই করে আসছিলেন। মুম্বাইয়ের হাজি আলী মসজিদের ভেতরের অংশে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। মসজিদটি পরিচালনাকারী বোর্ড ২০১২ সালে এ নিষেধাজ্ঞা জারি করে। বোর্ডের মতে, মসজিদের ভেতরে পুরুষ দরবেশের সমাধিতে নারীদের স্পর্শ করার অনুমতি দেওয়া ‘পাপ’। সম্প্রতি নারীরা এ মাজারটিতে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন।
ভারতে নারীরা মন্দিরের ভেতরেও প্রবেশের জন্য লড়াই করছে। ভারতজুড়ে মুসলিম ও হিন্দু দুই সম্প্রদায়ের আন্দোলনকারীরা মাজারগুলোর পুরুষশাসিত এই ব্যবস্থাপনার বিষয়টিকে আদালতে টেনে আনছেন।

তাই আজ আদালতের এই আদেশ বিভিন্ন ধর্মীয় স্থানে নারীদের প্রবেশের দাবিতে চালানো আন্দোলনগুলোকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।
তবে আদালতের এ আদেশের সঙ্গে সঙ্গেই নারীরা হাজি আলী মাজারে প্রবেশ করতে পারবেন তা নয়। কারণ, আদালত মাজার কর্তৃপক্ষকে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ দিয়ে ছয় সপ্তাহের সময় দিয়েছেন।

ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন (বিএমএমএ) নারীদের পঞ্চদশ শতাব্দীর এই মাজারে প্রবেশে নিষেধাজ্ঞাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে। বিএমএমএর কর্মী জাকিয়া সোমান আদালতের আদেশকে ‘মাইলফলক’ উল্লেখ করে বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় বিজয়।’ তিনি বলেন, ‘মাজার কর্তৃপক্ষ এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করুক। আমরা বিষয়টিকে স্বাগত জানাব। ভারত গণতান্ত্রিক দেশ এবং তাদের আপিল করার অধিকার রয়েছে। তবে আমাদের আত্মবিশ্বাস রয়েছে যে আমরা সেখানেও জয়ী হব।’