মুর্শিদাবাদে হাসপাতালে আগুন, শিশুসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ রোগী ও তাঁদের আত্মীয়স্বজন।
সরকারি ওই হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। মেডিসিন বিভাগের পাশেই শিশু বিভাগ। অগ্নিকাণ্ডের পরপরই গোটা হাসপাতাল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কিত লোকজন জানালা ভেঙে অনেক রোগীকে বের করে নিয়ে আসেন।
এ দুর্ঘটনায় মারা গেছে দুজন আয়া এবং কয়েক মাস বয়সের একটি শিশু। হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে স্বজনদের হাত থেকে পড়ে ওই শিশুটি মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের লোকজন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছিলেন, শর্টসার্কিট থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, তা তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে সিআইডিকে।