মুলায়ম পরিবারে গৃহযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশের ভোটের ঠিক আগে সমাজবাদী পার্টিতে শুরু হয়ে গেছে প্রবল গৃহযুদ্ধ। আরও স্পষ্ট করে বললে, পুরোপুরি দুই ভাগ হয়ে গেছে মুলায়ম সিং যাদবের পরিবার।
পরিবার ও দলে ভাঙন রুখতে মুলায়মের চাচাতো ভাই রাজ্যসভার সদস্য রামগোপাল যাদব গতকাল বৃহস্পতিবার আসরে নেমেছেন। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে গতকাল তিনি বলেছেন, মনোমালিন্য যদি থেকেও থাকে তা হলে তা খুব শিগগির কেটে যাবে। মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের সঙ্গে আজকালের মধ্যেই বৈঠকে বসবেন দলের সর্বোচ্চ নেতা মুলায়ম সিং যাদব।
বিজেপি-সমর্থিত নির্দলীয় প্রার্থী হিসেবে রাজ্যসভায় জিতে আসা ‘জি’ টেলিভিশনের মালিক সুভাষ চন্দ্রের সম্মানে সম্প্রতি দিল্লিতে এক ভোজের আয়োজন করেছিলেন অমর সিং। সেই ভোজসভায় উপস্থিত ছিলেন মুলায়মের ছোট ভাই শিবপাল এবং রাজ্যের মুখ্য সচিব দীপক সিঙ্ঘল। এই অনুষ্ঠানের দুই দিন পরই মুখ্যমন্ত্রী অখিলেশ মন্ত্রিসভা থেকে ছাঁটাই করে দেন শিবপাল এবং মুখ্য সচিবের পদ থেকে শিবপাল-ঘনিষ্ঠ দীপক সিঙ্ঘলকে। প্রায় একই সঙ্গে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন মুলায়ম সিংয়ের ঘনিষ্ঠ দুনীতির অভিযোগ থাকা দুই মন্ত্রী গায়ত্রী প্রজাপতি ও রাজকিশোর সিংকে।
সমাজবাদী পার্টিতে ক্ষমতার কেন্দ্রবিন্দু একাধিক। মুলায়ম সর্বোচ্চ নেতা এবং পুত্র অখিলেশের প্রতি স্নেহপ্রবণ হলেও ভাই শিবপালকে উপেক্ষা করার উপায় তাঁর নেই। শিবপাল উচ্চাভিলাষী।
ভোটের ঠিক আগে সমাজবাদী পার্টিতে ক্ষমতার এই লড়াই রাজ্যের বিরোধীদের হাতে তুলে দিয়েছে সরকার বিরোধিতার নতুন অস্ত্র।