মুলায়মের শেষ চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুলায়ম ​যাদব , অখিলেশ যাদব
মুলায়ম ​যাদব , অখিলেশ যাদব

ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক ‘সাইকেল’ কোন পক্ষ পাবে, চলতি সপ্তাহের মধ্যেই তা ঠিক হয়ে যাবে। নির্বাচন কমিশন ১৩ জানুয়ারি শুক্রবার, দুই পক্ষকে বক্তব্য পেশের জন্য ডেকেছে। তারপরই কমিশন জানিয়ে দেবে, মুলায়ম সিং যাদব না তাঁর পুত্র অখিলেশ—কারা ওই প্রতীক পাওয়ার যোগ্য।
কমিশনের এই মনোভাবের কথা জানার পরই গতকাল মঙ্গলবার লক্ষ্ণৌয়ে ছেলের সঙ্গে বৈঠকে বসেন মুলায়ম। দুই ঘণ্টার বৈঠকে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি ছিল না।
গত সোমবারই মুলায়ম তাঁর আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছিলেন। আগে বলেছিলেন, নির্বাচিত বিধায়কেরাই ঠিক করবেন মুখ্যমন্ত্রী কে হবেন। সোমবার জানান, ভোটে দল জিতলে অখিলেশই হবেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে কোনো সংশয় বা বিতর্কের অবকাশ নেই। তবে সেই সঙ্গে এ কথাও জানাতে ভোলেননি, তিনিই দলের সভাপতি।
দলীয় সূত্রের খবর, ছেলের কাছে বাবা দুটি আরজি জানান। প্রথমত, সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন থাকার কথা জানিয়ে যে চিঠি অখিলেশ নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন, তা যেন তিনি প্রত্যাহার করে নেন। দ্বিতীয়ত, দলের সম্মেলন ডেকে নিজেকে সভাপতি ঘোষণার দাবিও যেন তুলে নেন। অখিলেশকে মুলায়ম বলেন, সভাপতির পদ তাঁকেই ফিরিয়ে দেওয়া হোক।
দলীয় সূত্র অনুযায়ী, অখিলেশ বাবাকে বলেন, ভোট হয়ে গেলে সভাপতির পদ তিনি অবশ্যই ফিরিয়ে দেবেন। তবে অমর সিংকে দল থেকে তাড়াতে হবে, শিবপালকেও রাজ্য সভাপতি রাখা যাবে না।
নির্বাচন কমিশনের কাছে দলের নির্বাচনী প্রতীকের দাবি জানিয়েছেন মুলায়ম ও অখিলেশ দুজনেই। অখিলেশের পক্ষে ছয় বাক্স নথি জমা দেওয়া হয়েছে। তাতে রয়েছে দলের মোট ২২৯ জন বিধায়কের মধ্যে ২১২ জনের সই-সংবলিত চিঠি। এ ছাড়া অধিকাংশ সাংসদ ও দলীয় পদাধিকারীর সমর্থনও যে অখিলেশের পক্ষে, জমা দেওয়া হয়েছে তার প্রমাণও। এই কদিনের মধ্যে মীমাংসা করতে না পারলে কমিশন ‘সাইকেল’ প্রতীক সাময়িকভাবে ‘স্থগিত’ করে দিতে পারে।