উত্তর-পূর্ব ভারতের মণিপুরে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ আজ শনিবার। রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৩৮টিতে ১৬৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।
ভোট গ্রহণ উপলক্ষে রাজ্যের সংশ্লিষ্ট এলাকাগুলোতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। ১১ লাখ ১৯ হাজার ২৭১ জন ভোটারের মধ্যে নারীরাই সংখ্যাগরিষ্ঠ। তাঁদের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ২২১। তবে নারী প্রার্থীর সংখ্যা মাত্র ছয়জন।
এই রাজ্যের নির্বাচনে মূল লড়াই হবে ক্ষমতাসীন কংগ্রেসের সঙ্গে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির। ৩৮টির মধ্যে বিজেপি সব আসনে প্রার্থী দিলেও কংগ্রেসের প্রার্থীর সংখ্যা ৩৭।
গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার মধ্যেই বিভিন্ন দলের প্রার্থীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। তবে হতাহতের কোনো খবর নেই। প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সীমান্তে জারি করা হয়েছে নৈশকালীন কারফিউ। প্রতিটি বুথে থাকছে আধা সামরিক বাহিনীর সদস্যদের নজরদারি।
রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা দীপক কুমার দেবাঙ্গন গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট পরিচালনায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
১৬৮ জন প্রার্থীর হলফনামা অনুযায়ী, আটজন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে বিজেপির চারজন ও কংগ্রেসের দুজন রয়েছেন। প্রার্থীদের বয়সের ক্ষেত্রেও দেখা গেছে বার্ধক্যের জয়গান। ৯৫ জনেরই বয়স ৫১-এর বেশি।