মৃত ঘোষণার পর বেঁচে ওঠা এবং তারপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

৭৪ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। এরপর তাঁর ‘মরদেহ’ রাখা হয় মর্গের হিমঘরে। পরদিন অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিতে গেলে দেখা যায়, ‘লাশটি’ কাঁপছে। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভারতের তামিলনাড়ুতে গত সোমবার একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে বলে বিবিসির খবরে বলা হয়।

তবে সেই বৃদ্ধ বেঁচে থাকার লড়াইটা খুব বেশি চালাতে পারেননি। আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিবিসির খবরে বলা হয়, গত সোমবার বালাসুব্রামানিয়ান নামের ওই ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তাঁর মরদেহ হিমঘরে রাখা হয়।

সালেম শহরের সরকারি হাসপাতালের ডিন বালাজিনাথান বিবিসি তামিলকে বলেন, ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছিল। ফুসফুসে জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়। তবে তিনি কতক্ষণ ওই হিমঘরে ছিলেন, তা স্পষ্ট নয়।

গত সোমবার তাঁকে মৃত ঘোষণার পর তাঁর পরিবার মরদেহ বাড়ি নিয়ে যায়। এরপর মরদেহ রাখার জন্য সৎকারের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় এক ব্যক্তিকে বাক্স পাঠাতে বলা হয়। পরদিন অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল।

অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজক প্রতিষ্ঠান জানায়, মৃত ব্যক্তির ভাই তাদের জানিয়েছিল, তাঁর কাছে চিকিৎসকের স্বাক্ষর করা বালাসুব্রামানিয়ানের মৃত্যুসনদ রয়েছে।

তবে সালেম পুলিশপ্রধান সেনথিল কুমার বলেন, বালাসুব্রামানিয়ানের পরিবার মৃত্যুসনদ দেখাতে পারেনি। এখন তারা পরিবারের বিরুদ্ধে ‘হঠকারিতা করে অথবা অবহেলা করে একজনের জীবনকে হুমকির মুখে ফেলার’ অভিযোগ এনে মামলা করেছে। পুলিশপ্রধান বলেন, ওই পরিবারের সদস্যদের দাবি, ওই ব্যক্তি স্নায়বিক সমস্যায়ও ভুগছিলেন।

বালাসুব্রামানিয়ান তাঁর স্ত্রী, দুই মেয়ে ও ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি এত কম তাপমাত্রার মধ্যে কীভাবে বেঁচে ছিলেন এবং ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষও–বা কীভাবে তাঁকে মৃত ঘোষণা করল, তা তদন্ত করে দেখা হচ্ছে।