মৃত্যুদণ্ড বন্ধে ত্রিপুরার বিধানসভায় প্রস্তাব পাস
ভারতের ত্রিপুরা রাজ্য সরকার মৃত্যুদণ্ডের বিধান তুলে দিতে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠাবে। তারা মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব করবে। এ জন্য আজ ত্রিপুরার বিধানসভায় একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে এ তথ্য জানা গেছে।
বিধানসভায় বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য জিতেন্দ্র রায় এ প্রস্তাবের পক্ষে বলেন, ভারতের পেনাল কোডের ৩০২ ধারা অনুযায়ী ভারতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ত্রিপুরা রাজ্য বিধানসভা মৃত্যুদণ্ডের বিধানের পরিবর্তে যাবজ্জীবন সাজা দিতে আইনটিতে প্রয়োজনীয় সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবে। তিনি আরও বলেন, ‘নিকৃষ্টতম অপরাধের জন্যই মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এ আইনের পরিবর্তন চাই। পৃথিবীতে প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে। আর কঠোর সাজা দেওয়ার ফলে নিকৃষ্ট অপরাধের সংখ্যা যে কমেছে তা কিন্তু নয়।’
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও এ প্রস্তাবকে সমর্থন করেন। তিনি বলেন, মৃত্যুদণ্ডের সাজা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়। এ সাজার সঙ্গে ‘প্রতিহিংসা’র ব্যাপারটি জড়িত রয়েছে। তিনি বলেন, যাবজ্জীবন সাজাই সর্বোচ্চ সাজা হিসেবে যৌক্তিক। বিধানসভায় বিরোধী দলের প্রধান সুদীপ রায় বর্মণ বলেন, ‘একমাত্র সৃষ্টিকর্তারই প্রাণ দেওয়ার ক্ষমতা রয়েছে। সুতরাং অন্য কারও প্রাণ নেওয়ার ক্ষমতা থাকা উচিত নয়’।
পরে এ প্রস্তাবটি ভোটের জন্য বিধানসভায় তোলা হলে সর্বসম্মতভাবে পাস হয়।