মৃত্যুর ওপরও নিষেধাজ্ঞা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় স্থানীয় আদিবাসী ত্রিপুরাদের কের পূজা উপলক্ষে ৩১ ঘণ্টায় নির্দিষ্ট এলাকায় জন্ম-মৃত্যুর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গতকাল সোমবার রাত ১০টা থেকে সরকারি উদ্যোগে এই পূজা শুরু হয়ে চলবে বুধবার ভোর পাঁচটা পর্যন্ত।
ত্রিপুরাদের ককবরক ভাষায় ‘কের’ শব্দের অর্থ নির্দিষ্ট এলাকা। শতাব্দীপ্রাচীন এই পূজার প্রবক্তা ত্রিপুরার মহারাজেরা। ত্রিপুরার ভারত ভুক্তি চুক্তি মেনে এই কের পূজার এখন উপাসক ত্রিপুরা সরকার নিজে। খোদ জেলা শাসক এই পূজার সেবায়েত।
এখন আগরতলায় রাজবাড়ি উজ্জয়ন্ত প্রাসাদ আর পুরান আগরতলায় ওল্ড হাভেলিতে এই পূজার আয়োজন করা হয়। তবে বর্ষীয়ান কবি রাতুল দেববর্মা বলেন, ‘ছোটবেলায় শুনেছি, শহরজুড়েই চলত কের পূজা। আমরাও দেখেছি শহরের বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে কের-এর গণ্ডি।’ কের পূজার বৈশিষ্ট্য হলো, নির্ধারিত এলাকাকে ঘিরে ফেলা হয়। পূজার সময় ওই এলাকায় যাতায়াত করা চলবে না। শুধু তা-ই নয়, কের-এর গণ্ডির ভেতর প্রসব করার পাশাপাশি শেষনিশ্বাস ত্যাগের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা।