‘মৃত্যু’র ১৮ দিন পর ফিরে এলেন তিনি
মুথিয়ালা গাররায়ার স্ত্রী গিরিজাম্মা (৭০) কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন। এতে তিনি মারা গেছেন বলে খবর পান আত্মীয়রা। গত ১৫ মে মুথিয়ালার স্ত্রীর সৎকার সম্পন্ন হয়। এরপর ১৪ দিন পেরিয়ে যায়। মুথিয়ালার পরিবার তাঁর স্ত্রীর স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে ১ জুন। কিন্তু এর পরদিন সেই মৃত্যুকে ভুল প্রমাণ করে বাড়ি ফিরে আসেন মুথিয়ালার স্ত্রী।
ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এমনটা ঘটেছে দেশটির অন্ধ্র প্রদেশের কৃষ্ণ জেলার খ্রিষ্টানপেট গ্রামে। রাজ্যের বিজয়ারার গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গিরিজাম্মা। তাঁর কথিত মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল প্যাকেট করা অবস্থায়।
১২ মে গিরিজাম্মাকে ভর্তি করা হয় হাসপাতালে। মুথিয়ালা নিয়মিত হাসপাতালে যেতেন তাঁকে দেখতে। কিন্তু গত ১৫ মে ওই হাসপাতালের সেই ওয়ার্ডে স্ত্রীকে খুঁজে পাননি মুথিয়ালা। এরপর অন্যান্য ওয়ার্ডেও স্ত্রীকে খুঁজেছেন তিনি, পাননি। পরে হাসপাতালের নার্সরা তাঁকে বলেন, তাঁর স্ত্রী গিরিজাম্মা নিশ্চিত মারা গেছেন।
এরপর হাসপাতাল থেকে মুথিয়ালার হাতে বয়স্ক এক নারীর মরদেহ তুলে দেওয়া হয়। মুথিয়ালা ওই মরদেহ নিয়ে যান পার্শ্ববর্তী গ্রামে। ওই দিনই শেষকৃত্য সম্পন্ন করেন তিনি। এরপর আরও হৃদয়বিদারক ঘটনা ঘটে মুথিয়ালার জীবনে। ২৩ মে তিনি জানতে পারেন তাঁর বড় ছেলে মুথিয়ালা রমেশ (৩৫) কোভিড-১৯-এ মারা গেছেন। একই রাজ্যের কাম্মামা জেলার একটি হাসপাতালে মারা যান রমেশ।
শোকার্ত ওই পরিবার মৃত দুজনের জন্য স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে ১ জুন। এরপরই ঘটে নাটকীয় ঘটনা। কারণ, এর পরদিনই ফিরে আসেন গিরিজাম্মা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, এই যে গিরিজাম্মার মৃত্যু, তাঁর সৎকার এবং তাঁর ফিরে আসা, এই পুরো ঘটনার পেছনে ছিল ভয়। কারণ, সৎকারের সময় লাশের মুখ কেউ দেখেনি। কোভিড-১৯ ছড়ানোর ঝুঁকি থেকেই এমনটা করেছিলেন গিরিজাম্মার আত্মীয়রা। আর তাতেই ঝামেলার শুরু।
জানা গেছে, গিরিজাম্মাও বিরক্ত ছিলেন, কষ্টও পেয়েছিলেন তিনি। কারণ, কোভিড থেকে সেরে ওঠার পর তিনি পরিবারের কোনো সদস্যকে হাসপাতালে দেখতে পাননি। পরে হাসপাতালের পক্ষ থেকে তাঁকে ৩ হাজার রুপি দেওয়া হয় বাড়ি ফেরার জন্য।