মে দিবসে নির্বাচন, ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে দিবসে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের শ্রমিক সংগঠনগুলো। তারা নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে আগামী ১, ৩ ও ৫ মে। গত ৩১ মার্চ এই তারিখ ঘোষণা করা হয় রাজ্য নির্বাচন অফিস থেকে।

১ মে বিশ্বজুড়ে মহান মে দিবস পালিত হয়। এদিন ছুটি থাকে অফিস-আদালত। কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ওই ১ মে শুরু হওয়ার তারিখ ঘোষণা করায় ক্ষুব্ধ হয়েছে এই রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠন। তারা বলেছে, ওই দিন শ্রমিকেরা মে দিবস পালন করবেন।

রাজ্য সরকার এই তারিখ পরিবর্তন না করলে পশ্চিমবঙ্গের শ্রমিক সংগঠন ওই দিন রাজ্য নির্বাচন দপ্তরের সামনে জড় হয়ে অফিসের সামনেই পালন করবে মহান মে দিবস। গত সোমবার কলকাতায় ১১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে এক সভা শেষে শ্রমিকনেতা শ্যামল চক্রবর্তী ওই ঘোষণা দেন।

এই দাবিতে শ্রমিকেরা কলকাতায় প্রতিবাদ মিছিলও করেন। মিছিলের পর আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন শ্রমিকনেতা সুভাষ মুখার্জি, অনাদি সাহু, রমেন পান্ডে ও শ্যামল চক্রবর্তী। মিছিল শেষে শ্রমিক সংগঠনের নেতারা রাজ্য নির্বাচন দপ্তরে গিয়ে রাজ্যের নির্বাচন কর্মকর্তার কাছে তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, ‘শ্রমিকদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে তাঁদের এই মহান মে দিবস। এটি সরকারের দিন নয়। কমিশন এদিন নির্বাচন করতে পারে না।’ শ্রমিকনেতারা আরও বলেছে, তাঁদের এই দাবি নিয়ে তাঁরা রাজ্যের প্রতিটি জেলায় আন্দোলন চালিয়ে যাবেন।