মেঘালয়ে সরকার গঠনের দাবি জানাবে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমার মেয়ে কংগ্রেসের বিজয়ী প্রার্থী মিয়ানি ডি শিরা। ছবি: প্রথম আলো
মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমার মেয়ে কংগ্রেসের বিজয়ী প্রার্থী মিয়ানি ডি শিরা। ছবি: প্রথম আলো

উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য মেঘালয়ে এবার সরকার গঠনের দাবি জানাবে কংগ্রেস। বৃহস্পতিবার বিধানসভার উপনির্বাচনে একটি আসনে জয়ের ফলেই কংগ্রেস এ সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি জোট শাসিত রাজ্যটিতে একটি আসন পেয়েই কংগ্রেস এখন একক বৃহত্তম দল।

খ্রিষ্টান অধ্যুষিত মেঘালয়ে দীর্ঘ ১৫ বছরের কংগ্রেস জমানার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয় বিজেপি-এনপিপির জোট সরকার। ভোটের ফলে কংগ্রেস ছিল একক সংখ্যাগরিষ্ঠ। কিন্তু অন্যদের সমর্থনে সরকার গঠনে সমর্থ হয় বিজেপি-এনপিপি জোট।

৬০ সদস্যের মেঘালয় বিধানসভায় ৫৯টি আসনের নির্বাচনে কংগ্রেস পায় ২১টি আসন। ১৯টি আসন পায় আঞ্চলিক দল এনপিপি। কিন্তু বিজেপির ২, ইউডিপির ৬, পিডিএফের ৪, এইচএসপিডিপির ২, এনসিপির ১ এবং ২ নির্দলের সমর্থন নিয়ে গঠিত হয় জোট সরকার।

পরবর্তী সময়ে একটি উপনির্বাচনে কংগ্রেসের একটি আসন কেড়ে নেয় এনপিপি। ফলে তাদের ও কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ২০।

বৃহস্পতিবার আরও একটি কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হতেই একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে ফের কংগ্রেস। আমপতি কেন্দ্রে জয়ী হন কংগ্রেস নেতা তথা সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমার বড় মেয়ে মিয়ানি ডি শিরা। কংগ্রেসে আসন দাঁড়ায় ২১-এ।

মেয়ে জিততেই ফের মুখ্যমন্ত্রী পদের দাবি জানাতে চলেছেন মুকুল সাংমা। শিলঙে বৃহস্পতিবার সন্ধ্যাতেই তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মুকুল সাংমা সরকার গঠনের দাবি জানালেও কংগ্রেসের কাছে প্রয়োজনীয় ৩১ জন বিধায়কের সমর্থন নেই। বিষয়টি তাঁর নজরে আনা হলে কোনো মন্তব্য করেননি মুকুল। শুধু ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে সবাইকে তিনি অপেক্ষা করতে বলেন।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, এনপিপি-বিজেপি সরকারের শরিক দল ভাঙতে পারে কংগ্রেস। সেটা করতে হলেও ১০ বিধায়ক দরকার কংগ্রেসের। এখন দেখার সেটা মুকুল সাংমার পক্ষে সম্ভব কি না।

আপাতত পুরো উত্তর-পূর্ব ভারতের চোখ মেঘালয়ে দিকে। ইতিমধ্যেই আসামের সাবেক মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা তরুণ গগৈ মুকুলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। সেই সঙ্গে গগৈয়ের আশা, মেঘালয়ের মানুষের প্রত্যাশা পূরণ করবে কংগ্রেস।