মেঘালয়েও ফুটবে পদ্মফুল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শূন্যই শুভ বিজেপির জন্য। জিরো থেকেই সরকার গড়ছে বিজেপি।’

আজ শনিবার উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে এমনই মন্তব্য করেন বিজেপি শাসিত আসামের শিক্ষামন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা। আসাম ও মণিপুরে বিজেপির সরকার গড়ার মূল কারিগর হিসেবে পরিচিত হীমন্তের দাবি, মেঘালয়েও বিজেপিই সরকার গড়তে চলেছে।
আগামী বছরের প্রথম দিকেই ৬০ সদস্যের মেঘালয় বিধানসভার নির্বাচন। কংগ্রেস শাসিত এই রাজ্যে বিজেপির কোনো আসন নেই। তবে মেঘালয়ের ভারপ্রাপ্ত বিজেপি নেতা হীমন্ত শর্মা শনিবার রাজধানী শিলংয়ে সাংবাদিকদের সামনে দাবি করেন, কংগ্রেস মেঘালয় থেকেও বিদায় নিচ্ছে। গঠিত হবে বিজেপিরই সরকার।
হীমন্তকে স্মরণ করিয়ে দেওয়া হয় ৬০-এর মধ্যে কংগ্রেস ৩০। কিন্তু বিজেপি শূন্য। তখন তিনি মণিপুরের উদাহরণ টানেন। মণিপুর বিধানসভায়ও বিজেপি এবারই খাতা খুলেই সরকার গঠন করে। তাই বিজেপির গঠিত নেডা বা উত্তর-পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক জোটের নেতা হীমন্তের সরস মন্ত্যব্য, ‘শূন্যই পয়মন্ত বিজেপির জন্য।’
খ্রিষ্টধর্মাবলম্বী-অধ্যুষিত মেঘালয়ে কংগ্রেস আমলের অনুন্নয়নকেই হাতিয়ার করছে বিজেপি। হীমন্তের অভিযোগ, মুখ্যমন্ত্রী মুকুল সাংমা রাজ্যের জন্য কিছুই করেননি। তাই তিনি নিজেই এবার ভোটে হারবেন। কংগ্রেসেরও ভরাডুবি অবশ্যম্ভাবী। মুকুল সাংমা নিজে আগ্রহ প্রকাশ না করলেও মেঘালয়ে গুঞ্জন, তিনি নিজেই নাকি বিজেপিতে যোগ দিতে চান। এ প্রসঙ্গে হীমন্তের সাফ কথা, বিজেপিতে তাঁর জায়গা নেই। তবে অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গে জোটের রাস্তা খুলে রেখেছেন তিনি। শুধু তা-ই নয়, বিভিন্ন জনজাতি-অধ্যুষিত মেঘালয়ে ১৬ জনের রাজ্য কমিটিতে ১২ জন উপজাতি নেতাকে যুক্ত করে সাধারণ মানুষের মনও জিততে চাইছে বিজেপি।
হীমন্তের কথা, মেঘালয়ে বিজেপির সরকার গঠিত হচ্ছেই। কংগ্রেস সেটা নাকি এখনই বুঝে গিয়েছে। তাই রাজ্যসরকার আরও বেশি করে অকর্মণ্য হয়ে উঠেছে বলেও কটাক্ষ করেন হীমন্ত। তিনি বলেন, দুর্নীতিতে জর্জরিত রাজ্য সরকারের হাত থেকে মুক্তি পেতে মানুষ এখন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিতেই আস্থা রাখছেন। মেঘালয়ে তাই পদ্ম ফুটছেই।