মেঝে আর দেয়ালে হঠাৎ পানি দেখে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম থেকে উঠেই ভিরমি খাওয়ার জোগাড়। ঘরের মেঝে স্যাঁতসেঁতে। দেয়াল চুইয়ে নামছে পানি। গতকাল মঙ্গলবার এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারতীয় রাজ্য ত্রিপুরার বাসিন্দারা। অনেকে ভূমিকম্পের আশঙ্কা করেন। আবহাওয়া দপ্তরে খোঁজখবর নেন।

আবহাওয়াবিদেরা বিষয়টিকে অবশ্য স্বাভাবিকই মনে করছেন। আগরতলা আবহাওয়া দপ্তরের ভাষ্য, এতে ভয়ের কিছু নেই। এটা স্বাভাবিক।

আগরতলা আবহাওয়া দপ্তরের আধিকারিক দিলীপ সাহা বলেন, ছয় দিন ধরে সূর্যের দেখা নেই। তাপমাত্রাও স্বাভাবিকের থেকে অনেক নিচে ছিল। এরপর হঠাৎ করে গরম পড়ায় মাটি ঘামছে। ঘামছে সিমেন্টও। শুধু তা-ই নয়, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও হঠাৎ করে বেড়েছে। গতকাল বেশ কিছু সময় ধরে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি ছিল। সর্বনিম্ন আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি।

আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২০ দশমিক ৬ সেলসিয়াস। আবহাওয়াবিদ দিলীপ দাস বলেন, স্বাভাবিক রোদ উঠলেই আর্দ্রতা কমে যাবে। এমন পরিস্থিতিতে মানুষের শারীরিক অস্বস্তি বাড়লেও প্রাকৃতিক বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই।

ত্রিপুরা ভূমিকম্পপ্রবণ এলাকা বলে চিহ্নিত। তাই এ এলাকার অনেকে বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি আলোচিত হয়।

বর্ষার আগেই প্রবল বর্ষণে নাকাল উত্তর-পূর্ব ভারতেরই মিজোরাম। পাহাড়ি রাজ্যটির বহু ঘরবাড়ি ধসে ভেঙে পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে টেলি পরিষেবাও। গত ছয়-সাত দিনের টানা বৃষ্টিতে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ছোট্ট রাজ্যটি। কারণ, ধসের কবলে পড়েছে রাজ্যের জীবনরেখা বলে পরিচিত ৫৪ নম্বর জাতীয় সড়ক।

ইম্ফলে মুখ্যমন্ত্রী লানথানহাওয়লা গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সাহায্য চাওয়া হয়েছে। রাজ্য সরকারও দ্রুত দুর্যোগ কাটিয়ে ওঠার চেষ্টা করছে।