মেডিকেল মাফিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোদি সরকারের তৃতীয় বছর পূর্ণ হলো গতকাল শুক্রবার। এ উপলক্ষে নতুন রণনীতি নিয়েছে দলটি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপি তাদের তিন বছরের কর্মকাণ্ড পৌঁছে দিচ্ছে মানুষের ঘরে ঘরে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা এই তিন বছরে মহানগরী মুম্বাইকে কতটা সুরক্ষিত করেছে, তা সাধারণ মানুষকে জানাচ্ছে।

গতকাল মুম্বাইয়ের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে সভার আয়োজন করা হয়েছে।

বিজেপির মুখপাত্র যোগেশ ভারমা বলেন, ‘মোদি সরকার টিম ইন্ডিয়ার নামে নানা প্রগতিশীল কাজ করছে। আমাদের একমাত্র লক্ষ্য দেশকে দুর্নীতিমুক্ত করা। আর আমরা এখন দেশের সব থেকে বড় দুর্নীতি “মেডিকেল মাফিয়ার” বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি। মুম্বাইয়ে আজ আমরা অনেকটাই সফল। ২৫০ টাকার ওষুধটা ২৫ টাকার বিনিময়ে সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারছি। আমাদের সরকারের লক্ষ্য সাধারণ মানুষ যাতে সুচিকিৎসা পায়।’

মুম্বাইয়ে সুরক্ষার প্রসঙ্গে তিনি বলেন, এক বছরের মধ্যে শুধু মুম্বাইয়ের প্রধান প্রধান অঞ্চলে পাঁচ হাজার অত্যাধুনিক ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলোর মাধ্যমে পুলিশের খাতায় নথিভুক্ত অপরাধীকেও চিহ্নিত করা যাবে। মুম্বাই ছাড়া পুণে, নাগপুরেও ক্যামেরা বসানো হয়েছে।

মুম্বাইয়ের পথে নারীদের সুরক্ষার কথা ভেবে বেশি রাতে নারী চালকসহ ট্যাক্সির ব্যবস্থা করা হয়েছে। নৌপথও সুরক্ষিত করেছে মোদি সরকার। রাডারের মাধ্যমে অনথিভুক্ত বোটকেও সহজে শনাক্ত করা যাবে। দেশে যাতে কাসাভের মতো আর কেউ হামলা করতে না পারে, তার ওপর বেশি জোর দিচ্ছে সরকার।