মেদিনীপুরে আট বছর ধরে সেবিকাকে ধর্ষণের অভিযোগ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরের একটি ক্লিনিকে এবার এক সেবিকাকে আট বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ ক্লিনিকের মালিকের বিরুদ্ধে। পুলিশ গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে। কয়েক দিন আগে কলকাতার চিৎপুরের রেল ইয়ার্ডে এক মহিলা রেলকর্মীকে চার রেলকর্মীর গণধর্ষণের ঘটনা ফাঁস হয়। ওই নারী কর্মী রেলের চার পুরুষ কর্মীর হাতে দিনের পর দিন গণধর্ষণের শিকার হন। পুলিশ জানায়, ২০০৬ সালে ওই ক্লিনিকে চাকরি নেন ওই সেবিকা। পরের বছর ওই সেবিকার ভাই গুরুতর অসুস্থ হলে তিনি ভাইয়ের চিকিৎসার সাহায্যের জন্য মালিক তথা চিকিৎসক দেবল রঞ্জনের শরণাপন্ন হন। সাহায্যের আশ্বাস দিয়ে তাঁকে টাকা নিতে একটি হোটেলে দেখা করতে বলেন দেবল। কথামতো হোটেলে গেলে তিনি মালিক দেবলের হাতে ধর্ষণের শিকার হন। ধর্ষণের ঘটনা মুঠোফোনে রেকর্ড করে রাখেন দেবল। এরপর ওই ছবি ব্যবহার করে ওই সেবিকাকে ব্ল্যাকমেলিং করতে থাকেন তিনি।