ভারতের মুম্বাই শহরের বিস্ফোরণে অভিযুক্ত ইয়াকুব মেমনের ক্ষমাপ্রার্থনা নামঞ্জুর করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এর আগে মেমনের ফাঁসির আদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের নাগপুরে তাঁর ফাঁসি হওয়ার কথা।
১৯৯৩ সালে পরপর বিস্ফোরণে তখনকার বোম্বে শহরে ২৫৭ জন নিহত ও ৭০০ জন আহত হয়েছিলেন। তদন্তে প্রমাণিত, বিস্ফোরণের ছক পুরোটাই ছিল মেমন পরিবারের। ঘটনার আগে পরিবারের অধিকাংশই দেশ ছেড়ে চলে যান। পরবর্তীকালে ইয়াকুব আত্মসমর্পণ করেন।
সেই আত্মসমর্পণ শর্তাধীন ছিল কি না (অর্থাৎ মেমনকে প্রাণদণ্ড দেওয়া হবে না), তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের কাছে মেমন যে যুক্তিতে ফাঁসির স্থগিতাদেশের আবেদন জানিয়েছিলেন, দিনভর শুনানি শেষে সর্বোচ্চ আদালত গতকাল বুধবার তা খারিজ করে দেন।
মুম্বাইয়ের সন্ত্রাসবিরোধী টাডা আদালত ইয়াকুবকে ফাঁসির নির্দেশ দেন। প্রথমে বোম্বে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট সেই আদেশ বহাল রাখেন। মেমনের পক্ষে এরপর রায় পর্যালোচনার আবেদন জানানো হয়। সেই আবেদনও খারিজ হওয়ার পর পুনর্বিবেচনার আবেদন দাখিল করা হয়। গত মঙ্গলবার সেই শুনানিতে দুই বিচারপতির মধ্যে মতের অমিল দেখা দেয়। বিচারপতি কুরিয়েন যোসেফ ‘পদ্ধতিগত ত্রুটির’ উল্লেখ করে বলেন, ত্রুটি সারিয়ে বিচার চূড়ান্ত করা হোক। সেই অনুযায়ী গতকাল তিন বিচারপতির বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে জানান, ফাঁসির আদেশ বহাল রাখা নিয়ে পদ্ধতিগত কোনো ত্রুটি ছিল না। বিচারপতিরা দণ্ডাদেশ স্থগিত রাখার আবেদনও খারিজ করে দেন।
টাডা কোর্ট মেমনের মৃত্যু পরোয়ানা জারি করেন চলতি বছরের ৩০ এপ্রিল। সেই খবর মেমন পরিবারকে জানানো হয় ১৩ জুলাই। মেমনের আইনজীবীর বক্তব্য, তিন মাস সময় থাকলেও জেল কর্তৃপক্ষ একেবারে শেষ মুহূর্তে তা জানিয়েছে। তা ছাড়া পুনর্বিবেচনার আবেদন ফয়সালা হওয়ার আগেই ফাঁসির আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই আবেদনের ফয়সালা ত্রুটিযুক্ত। অতএব ফাঁসি স্থগিত রাখা হোক। পাশাপাশি মেমনের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল ও দেশের রাষ্ট্রপতির কাছে নতুন করে প্রাণভিক্ষার আবেদন জানানো হয়। রাজ্যপালের পর এবার রাষ্ট্রপতি তা অগ্রাহ্য করলেন। মেমন ২০ বছর ধরে কারাবন্দী। ১৯৯৬ সাল থেকে তিনি ‘সিজোফ্রেনিয়া’ রোগী। প্রাণভিক্ষার আবেদনে এর উল্লেখ করে মেমন বলেন, একই মানুষকে যাবজ্জীবন সাজা ও প্রাণদণ্ড দেওয়া যায় না।