
কেন্দ্রের সঙ্গে ভারতের দিল্লি সরকারের দ্বন্দ্ব এক নতুন মোড় নিল গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) হানাকে কেন্দ্র করে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রধানমন্ত্রীকে ‘কাপুরুষ’ ও ‘বিকারগ্রস্ত’ বলে কঠোর সমালোচনা করেছেন তিনি। সংসদও হয়েছে উত্তাল।
ক্ষমতাসীন বিজেপি ও সরকার দিল্লি রাজ্য সরকারের সচিবালয়ে গোয়েন্দাদের হানার পক্ষে সাফাই দিয়ে বলেছে, প্রধানমন্ত্রীকে কটু কথা বলার জন্য কেজরিওয়ালের ক্ষমা চাওয়া উচিত।
দিনটা যে ঘটনাবহুল হতে চলেছে, তা গতকাল সাতসকালেই বোঝা যায়। ভোর হতে না-হতেই সিবিআইয়ের একটা দল দিল্লি সরকারের সচিবালয়ে রাজ্যের প্রধান সচিবের অফিসে হানা দেয়। সচিবালয় সিল করে দেওয়া হয়, যাতে মুখ্যমন্ত্রীও ওই সময়ে ঢুকতে না পারেন। খবর পেয়েই কেজরিওয়াল টুইট করে সিবিআইয়ের অভিযানের কথা জানিয়ে দেন। টুইটে তিনি মোদিকে ‘কাপুরুষ ও বিকারগ্রস্ত’ বলে আখ্যা দেন। বলেন, মোদি রাজনৈতিক মোকাবিলায় ব্যর্থ হয়ে কাপুরুষের মতো আচরণ করছেন। এটা নিছকই রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা।
সিবিআইয়ের অভিযোগ, দিল্লি সরকারের প্রধান সচিব রাজেন্দ্র কুমার একটি কম্পিউটার সংস্থাকে কয়েক বছর ধরে অন্যায় সুবিধা পাইয়ে প্রচুর অবৈধ অর্থ রোজগার করেছেন। শীর্ষ গোয়েন্দা সংস্থাটির দাবি, রাজেন্দ্র কুমারের অফিস ও বাড়ি থেকে সাড়ে ১৫ লাখ রুপি নগদ এবং ৩ লাখ রুপি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। সিবিআই জানায়, সারা দেশে মোট ১৪টি স্থানে তারা এই অভিযান চালিয়েছে।
সিবিআই ও সরকারের দাবি নস্যাৎ করে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন, তাঁকে না জানিয়ে প্রধান সচিবের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো ভারতের যুক্তরাষ্ট্রীয় সরকারকাঠামোর পরিপন্থী। কেন্দ্রীয় সরকার তাঁকে জানানোর প্রয়োজনও বোধ করেনি। ঔদ্ধত্য ছাড়া এ আর কিছু নয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, ‘মুখ্যমন্ত্রীর অফিস সিল করে দেওয়ার ঘটনা অভূতপূর্ব। আমি হতবাক।’
বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরু হওয়া মাত্র তৃণমূল কংগ্রেসসহ বিরোধীরা সরকারকে কোণঠাসা করে। জবাবে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, সিবিআই একজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে, সরকারের বিরুদ্ধে নয়। তা ছাড়া মুখ্যমন্ত্রীর অফিসে তল্লাশি চালানো হয়নি। অভিযোগও বেশ পুরোনো। আগের সরকারের আমলের। বিজেপির নেতারা উল্টো কেজরিওয়ালের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করায় ওঁর ক্ষমা চাওয়া উচিত।
এক বছর আগে দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রের সঙ্গে কেজরিওয়ালের খটামটি লেগেই রয়েছে। কর্মকর্তা নিয়োগ থেকে শুরু করে পুলিশি নির্দেশ—সর্বত্রই তিনি বাধা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। রাজধানী হওয়ার সুবাদে দিল্লি পূর্ণ রাজ্য নয়। সেখানকার পুলিশ ও ভূমির অধিকারও কেন্দ্রের। সে কারণে এক বছর ধরে কেজরিওয়ালের সঙ্গে কেন্দ্রের সংঘাত লেগেই রয়েছে। গতকালের ঘটনা সেই সংঘাতেরই ধারাবাহিকতা। যাঁর কার্যালয় ও বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে, সেই রাজেন্দ্র কুমারের নিযুক্তিও বিতর্কের ঊর্ধ্বে ছিল না। পছন্দের এই কর্মকর্তার বিরুদ্ধে তল্লাশিকে কেজরিওয়াল তাই কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করছেন।