তবে কি মোদি-শাহ জুটির দাবিই সত্যি হতে চলেছে? উত্তর প্রদেশ বিধানসভা দখল করতে চলেছে বিজেপি? বৃহস্পতিবার সারাটা দিন উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌর রাজনৈতিক মহলে এই প্রশ্নটাই আলোড়িত হলো।
হবে না-ই বা কেন? গত বছরের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলাধোনা করলেও একটি ভোটেও দেশের কোথাও বিজেপির বিপর্যয় দেখা গেল না। সেই থেকে যত ভোট হয়েছে, প্রতিটিতে বিজেপির সাফল্যের মুকুটে নতুন নতুন ঝলমলে পালক যোগ হয়েছে। শেষ উদাহরণ মহারাষ্ট্রের পৌর নির্বাচন। একা লড়েও বিজেপি তার এত দিনকার জোট-সঙ্গী শিবসেনাকে শুধু টক্করই দিল না, ১০টির মধ্যে ৮টি পৌরসভা দখল করে তারা এক অভূতপূর্ব নজিরও গড়ল! লক্ষ্ণৌর অলিতে-গলিতে বিজেপি সমর্থকদের মধ্যে হঠাৎই এক অদ্ভুত বিশ্বাসের বিচ্ছুরণ, যার অর্থ, এবার আমরাই ছিনিয়ে নেব রাজ্য শাসনের অধিকার।
এবং কী আশ্চর্য, মহারাষ্ট্রের ফলে বিস্ময়করভাবে বিস্মিত রাজ্যের বিজেপিবিরোধী শক্তিরা! সমাজবাদী-কংগ্রেস জোট ও বহুজন সমাজ পার্টির স্থানীয় নেতারা গালে হাত দিয়ে ভাবতে বসেছেন, তাহলে কি মোদি-ম্যাজিক এখনো ফিকে হয়নি? নোটবন্দীর পক্ষে প্রধানমন্ত্রী যে সাফাই গাইছেন, মানুষ তা বিশ্বাস করছে? বিশ্বাস করছে তাঁর এই দাবিও যে, একমাত্র মোদিই পারেন দুর্নীতি উচ্ছেদ অভিযান শেষ করতে?
এমন ভাবনার কারণও আছে। নোটবন্দীর পর চণ্ডীগড় পৌরসভার ভোটে মোট ২৬টি আসনের মধ্যে বিজেপি দখল করে ২০টি, ১টি তাদের শরিক অকালি দল। লোকসভা ভোটে ভালো ফল করায় পৌরসভা ভোটে বিজেপি-অকালি জোটের বিরুদ্ধে তেড়েফুঁড়ে নেমেছিল আম আদমি পার্টি ও কংগ্রেস। দুই দলই তাদের মতো করে হারের সাফাই গেয়েছিল। যদিও জয়ের জন্য অমিত শাহ কৃতিত্ব দিয়েছিলেন মোদির নোটবন্দীর সিদ্ধান্তকে।
প্রায় একই সময়ে, নোটবন্দীর সিদ্ধান্তের ১৯ দিনের মাথায় মহারাষ্ট্র পৌরসভার প্রথম দফার ভোটে ১৪৭টি প্রেসিডেন্ট কাউন্সিল পদে বিজেপি জিতে ৫১টি, দ্বিতীয় দফায় ১৪টির মধ্যে ৫টিতে। তৃতীয় দফায় বিজেপিকে টেক্কা দেয় কংগ্রেস। কিন্তু প্রথম তিন দফার ভোটে দেখা গেল আগেরবারের তুলনায় বিজেপির লাভ হয়েছে কয়েক গুণ বেশি। ২৫টি আসন থেকে বেড়ে তাদের সংখ্যা হয়েছে ১১৯, কংগ্রেস নেমে এসেছে ১৫০ থেকে ১২৬-এ। এবার মহারাষ্ট্রের ১০ পৌরসভা, ২৫ জেলা পরিষদ ও ২৮৩ পঞ্চায়েত সমিতিতে একার ক্ষমতায় এই সাফল্য কল্পনাতীত।
নোটবন্দীর নভেম্বরে রাজস্থান ও গুজরাটেও পৌরসভার ভোট হয়। বিজেপি-শাসিত এই দুই রাজ্যে শাসক দল নোটবন্দী নিয়ে বিরোধীদের প্রচার ভোঁতা করে দিয়েছিল। গুজরাটের উপনির্বাচনে তারা পেল ৩১-এর মধ্যে ২৩টি আসন এবং রাজস্থানে ৩৭টির মধ্যে ১৯টি। এরও আগে ১৯ নভেম্বর ৬ রাজ্যের ৪ লোকসভা ও ৮ বিধানসভার উপনির্বাচন হয়। বিজেপিসহ অন্য শাসকেরা নিজেদের রাজ্যের জেতা আসন ধরে রাখলেও দেখা যায় বিজেপির প্রাপ্ত ভোটের হার আগের তুলনায় বেড়েছে। এমনকি পশ্চিমবঙ্গেও।
নভেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত বিরোধীরা নোটবন্দী নিয়ে মোদির নেতৃত্বের সমালোচনা যত তীব্র করেছে, বিজেপির ভোট শতাংশ ও আসন বৃদ্ধি ততই বেড়েছে। এতে বিজেপির স্থানীয় নেতৃত্ব এখন এতটাই উৎফুল্ল যে কলরাজ মিশ্র জোর গলায় বলে দিচ্ছেন, একার ক্ষমতাতেই এবার বিজেপি উত্তর প্রদেশ শাসন করবে। লালজি ট্যান্ডনের মতো কলরাজেরও ব্যাখ্যা, প্রধানমন্ত্রীর ওপর যে আস্থা ও ভরসা রাজ্যের মানুষ লোকসভা ভোটের সময় রেখেছিল, তা থেকে তারা এখনো সরে আসেনি। মানুষ এটা বিশ্বাস করছে, একমাত্র মোদির নেতৃত্বেই সমাজ, সরকার ও রাজনীতি দুর্নীতিমুক্ত হতে পারবে।
আরও একটা বিষয় রয়েছে। প্রচারে বিজেপির নেতারা এটা বোঝাতে চাইছেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের শাসন থাকলে রাজ্যের উন্নয়ন দ্রুত হয়। তাঁরা রাজ্যে কংগ্রেসের সোনালি দিনের উদাহরণও দিচ্ছেন। বিজেপির ধারণা, মুখ্যমন্ত্রী কে হচ্ছেন রাজ্যের ভোটারদের কাছে তা জরুরি নয়। জরুরি হলো কেন্দ্রে নরেন্দ্র মোদির থাকা এবং রাজ্য চষে ফেলে প্রতিটি জেলায় হাজির হয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতি।
মহারাষ্ট্রের এই ফল রাজ্য কংগ্রেস নেতৃত্বকে আরও হতোদ্যম করে তুলেছে। দিনে দিনে তাদের প্রাপ্ত ভোটের হার কমছে। সমাজবাদী পার্টির সঙ্গে জোট দলের নেতা-কর্মীদের একাংশ মেনে নিতে পারেনি। প্রিয়াঙ্কা মাটি কামড়ে প্রচারে থাকবেন—এই ধারণা তাঁদের দেওয়া হয়েছিল। অথচ তিনি দায়সারাভাবে একদিন মাত্র একটি সভায় এসে পিঠটান দিলেন। সোনিয়া গান্ধী একটা দিনের জন্যও এলেন না। শেষ বেলায় চিঠি লিখে ভোট চাইছেন। কিন্তু কেন তিনি এলেন না, তার জবাব নেই! এই পরিস্থিতিতে যদি সাধারণ মানুষ অন্য নির্বাচনগুলোর মতো বিজেপিকে কোল পেতে দেয়, তা হলে? বৃহস্পতিবার দিনভর প্রদেশ কংগ্রেস অফিস এই জল্পনাতেই মশগুল থাকল। সোনিয়া থেকেও নেই, রাহুল অচল, প্রিয়াঙ্কা অধরা, কে ধরবেন কংগ্রেসের হাল, প্রশ্ন কংগ্রেসে।
কিছুটা ব্যতিক্রম মায়াবতীর বহুজন সমাজ পার্টি। বিজেপির মহারাষ্ট্র জয় নিয়ে দলের স্থানীয় নেতৃত্ব চিন্তিত নয়। তাদের একমাত্র চিন্তা মুসলমানদের মন জয়। তারা এখনো বিশ্বাস করতে ভালোবাসছে, রাজ্যের মুসলমান তাদের দিকে ফিরে তাকালে বিজেপির রথের গড়গড়িয়ে এগিয়ে চলা ঠিক ঠেকিয়ে দেওয়া যাবে।