মোদি-রাহুল সাক্ষাতে চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন আগেই যাঁর ‘ব্যক্তিগত দুর্নীতি’ ফাঁস করার হুমকি দিয়েছিলেন, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একেবারে আচমকাই সদলে দেখা করলেন ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী। এই সাক্ষাৎকারের ফলে ‘নোটবন্দী’ বিতর্ক নিয়ে বিরোধী ঐক্যেও ফাটল দেখা দিল।
কংগ্রেসের নেতারা যে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, তা আগে কেউ আঁচ করতে পারেননি। আচমকাই দেখা গেল, সকাল সাড়ে ১০টায় রাহুলের নেতৃত্বে কংগ্রেসের নেতারা সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে যাচ্ছেন। আধা ঘণ্টা পর বেরিয়ে রাহুল সংবাদমাধ্যমকে বলেন, দুর্দশাগ্রস্ত কৃষকদের কৃষিঋণ মওকুফের আর্জি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গম আমদানির ওপর সরকার যে শুল্ক চাপিয়েছিল, গত সপ্তাহে তা তুলে দেওয়ার ফলে দেশের কৃষকেরা প্রভূত লোকসানের মুখে পড়েছেন।
কংগ্রেসের নেতারা বৈঠকের পর বলেন, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে কৃষকদের হাল খুবই খারাপ। কিন্তু আমদানি শুল্ক বা কৃষিঋণ বিষয়ে কোনো মন্তব্য তিনি করেননি।
কয়েক দিন ধরে রাহুল তীব্রভাবে মোদির বিরোধিতা করছিলেন। এত কিছুর পর হঠাৎ কেন রাহুল কাউকে কিছু না জানিয়ে মোদির সঙ্গে দেখা করতে গেলেন, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। তবে এর জের হিসেবে এসপি, বিএসপি, এনসিপি, সিপিআই ও সিপিআই(এম)-এর কোনো নেতা শুক্রবার নোটবন্দী নিয়ে কংগ্রেসের নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে যাননি।