মোদি সরকার ধাক্কা খেল
রাজ্যসভায় প্রথম ধাক্কা খেল নরেন্দ্র মোদির সরকার। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বিরোধীদের আনা সংশোধনী গ্রহণে সরকার বাধ্য হলো। লক্ষণীয়, কালোটাকা দেশে ফেরানোর প্রশ্নে আনা এই সংশোধনীতে বাম ও তৃণমূল কংগ্রেস হাত মেলায়।
প্রতিবছর ভারতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতির ভাষণ দিয়ে। যৌথ অধিবেশনে দেওয়া সেই ভাষণ দুই কক্ষেই পাস করাতে হয়। সেই জন্য আনা হয় ধন্যবাদ প্রস্তাব। লোকসভায় পাস হলেও গতকাল মঙ্গলবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ শেষে সিপিএমের সীতারাম ইয়েচুরি ও তৃণমূল কংগ্রেসের সুখেন্দু শেখর রায় কালোটাকা দেশে আনার বিষয়ে একযোগে সেই সংশোধনী আনেন। রাষ্ট্রপতির ভাষণে কালোটাকা ফেরতের কোনো উল্লেখ ছিল না। বিরোধীরা এই সংশোধনী নিয়ে ভোটাভুটির চাপ দিলে তা ১১৮-৫৮ ভোটে গৃহীত হয়। এর ফলে রাষ্ট্রপতির ভাষণে সংশোধনীটি সংযোজন করতে হবে।
রাজনৈতিকভাবেও এই সংশোধনী গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস ও সিপিএমের হাত মেলানোয়। সিপিএমের সঙ্গে একযোগে এই সংশোধনী আনার বিষয়ে তৃণমূল কংগ্রেসে একটা কিন্তু কিন্তু ভাব ছিল। কিন্তু কলকাতা থেকে ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একজোট হওয়ার নির্দেশ দেন। রাজ্যের আর্থিক দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে মমতা ৮ মার্চ দিল্লি আসছেন।