মোদিকে নিজের শহর সফরের নিমন্ত্রণ জিনপিংয়ের
তিন দিনের আলোচিত ভারত সফর শেষে গতকাল শুক্রবার নয়াদিল্লি ছেড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে তাঁর এ সফরের শেষভাগে গত বৃহস্পতিবার রাত থেকেই ভারতশাসিত কাশ্মীরের লাদাখ থেকে কথিত অনুপ্রবেশকারী চীনা সেনারা চলে যাওয়া শুরু করেছে বলে ভারতীয় কর্মকর্তারা জানান। খবর পিটিআইয়ের।
বিদায়ের আগে চীনা প্রেসিডেন্ট জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর নিজ শহর জিয়ান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতে এসে জিনপিং নয়াদিল্লির বদলে আগে মোদির নিজ রাজ্য গুজরাটে যান। চীনের জিয়ান শহর এর ‘টেরাকোটা বাহিনী’ এবং পরিব্রাজক হিউয়েন সাংয়ের জন্য বিখ্যাত।
এদিকে নয়াদিল্লির কর্মকর্তারা বলেছেন, লাদাখের উত্তর-পূর্বাঞ্চলীয় চুমার এলাকা থেকে অনুপ্রবেশকারী চীনা সেনারা বৃহস্পতিবার রাত পৌনে ১০টা থেকে ওই এলাকা ছেড়ে যাওয়া শুরু করে। ভারত সম্প্রতি বেশ কয়েকবার সীমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশের অভিযোগ করেছে। বৃহস্পতিবার দ্বিপক্ষীয় বৈঠকে মোদি অনুপ্রবেশসহ দীর্ঘদিনের সীমান্তবিরোধ সমস্যার সমাধানের তাগিদ দেন।
ভারতীয় কর্মকর্তারা বলেন, মোদি-জিনপিং বৈঠকের কয়েক ঘণ্টা পরই চীনা সেনারা চলে যাওয়া শুরু করে। তখন ভারতের সেনারাও ওই এলাকা থেকে তাদের উপস্থিতি কমাতে শুরু করে। এলাকাটিতে আগে থেকেই ভারতীয় সেনাদের বড় উপস্থিতি রয়েছে। সীমান্তের ওপাশেই চীনা সেনাবাহিনীর ঘাঁটি থাকায় উত্তেজনাপূর্ণ ওই এলাকায় ভারতীয় সেনাদের পাহারা অব্যাহত আছে।