মোদিকে পাঞ্জাবে যেতে বললেন রাহুল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর নিয়ে আবার কটাক্ষ করলেন কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী। সদ্য পাঞ্জাব সফর সেরে আসা রাহুল গতকাল বুধবার ভারতের পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বললেন, প্রধানমন্ত্রীর পাঞ্জাব যাওয়া উচিত। সেখানে গেলে নিজেই বুঝতে পারবেন সত্যিকারের অবস্থা।
পাঞ্জাবের শস্যবাজার দেখতে সম্প্রতি রাহুল ওই রাজ্য সফরে যান। ন্যায্য মূল্য না পাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গেও কথা বলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘পাঞ্জাবের কৃষকেরা কি ভারতের নয়?’
এই বক্তব্য দেওয়ার মাধ্যমে রাহুল প্রধানমন্ত্রী মোদির ‘ভারতে তৈরি’ বা ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকেই ইঙ্গিত করেন। রাহুল অভিযোগ করেন, মোদির সব নীতির মূলে রয়েছে ভারতের দরিদ্র কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ধনী শিল্পপতিদের স্বার্থ রক্ষা। রাহুল বলেন, ‘কৃষকেরা কাঁদছে। যখন শিলাবৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট হলো, সরকার তাদের জন্য কিছুই করল না।’
রাহুলের এই বক্তব্যে অবশ্য সরকারি দল একেবারে চুপ থাকেনি। পাঞ্জাবেরই বিজেপির সহযোগী আকালি দলের নেত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরাত কাউর বলেন, ‘শিলাবৃষ্টির সময় রাহুল কোথায় ছিলেন? ছুটি থেকে ফিরে এসে রাহুল কি নিজের নির্বাচনী এলাকায় গেছেন?’