মোদির গুজরাটে কংগ্রেসের উত্থান
নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাটে মাথা তুলে দাঁড়াল কংগ্রেস। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি স্তরেই কংগ্রেস অনেক ভালো ফল করে বিজেপিকে ফেলে দিয়েছে প্রচণ্ড চাপের মুখে। দিল্লি ও বিহারে বিপর্যয়ের পর গুজরাটে বিজেপির এটা তৃতীয় ধাক্কা।
রাজ্যের ছয় শহরের ছয়টি করপোরেশন বিজেপি দখলে রাখলেও সর্বত্রই কংগ্রেস আগের তুলনায় অনেক ভালো ফল করেছে। রাজকোট পুরসভায় বিজেপি জিতেছে ৩৮টি আসন, কংগ্রেস ৩৪টি। জামনগরেও বিজেপি ৩৮টি আসন জিতছে, কংগ্রেস ২৪টি। ভাবনগর, সুরাট, ভদোদরা ও আহমেদাবাদ পুরসভা বিজেপি দখলে রাখলেও কংগ্রেসের উপস্থিতি তাদের চিন্তায় রাখতে বাধ্য।
শহরাঞ্চল বিজেপি দখলে রাখলেও রাজ্যের বিস্তীর্ণ গ্রামাঞ্চল চলে এসেছে কংগ্রেসের দখলে। মোট ৩১টি জেলা পরিষদের মধ্যে কংগ্রেস দখল করেছে ২৩টি, ২৩০টি তালুক পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস কবজা করেছে ১৩২টি।
১৫ বছর ধরে গুজরাটের শহর বা গ্রামে কংগ্রেস ক্ষমতার ধারেকাছেও পৌঁছাতে পারেনি। রাজ্য থেকে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় রাজনীতিতে চলে আসা এবং আনন্দীবেন প্যাটেলের মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল বিজেপির প্রথম বড় পরীক্ষা। রাজ্যের প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভ এবং তাদের নেতা হার্দিক প্যাটেলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছিল, প্যাটেল-সমর্থিত স্বাধীন প্রার্থীরাই বিজেপিকে হারিয়ে দেবেন। কিন্তু কংগ্রেস যে এভাবে ফিরে আসবে, তা বিজেপি কল্পনাতেও আনেনি।