মোদির ধর্মপুত্র নেপালি তরুণ
আড়ম্বরপূর্ণ কাজকর্ম করার ব্যাপারে বিশেষ পরিচিতি রয়েছে ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এভাবে কাজ করে বিপুল প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এবার তাঁর প্রশংসার ঝুলিতে যোগ হয়েছে আরও একটি খবর। মোদি শুধু প্রধানমন্ত্রীই নন, তিনি একজন পালক পিতাও। খবর ওয়ানইন্ডিয়ার।
গুজরাটের আহমেদাবাদে বিবিএ অধ্যয়নরত অত্যন্ত সাদামাটা এক নেপালি তরুণ তাঁর পালিত পুত্র। সংসারধর্মে মন না বসায় অনেক আগেই ঘর ছেড়েছিলেন মোদি। আর তিনিই ১২ বছর ধরে এই তরুণের অভিভাবক।
দরিদ্র নেপালি পরিবারের সন্তান জিৎ বাহাদুর। তাঁর মা তাঁকে মোদির ধর্মপুত্র বলে ডাকেন। একসময় মোদি নেপাল সফরে গেলে জিতের পরিবার ও গ্রামবাসী তাঁকে উষ্ণ সংবর্ধনায় সিক্ত করে। জিতের কাছে মোদি ‘যিশুখ্রিষ্টের’ মতো। তাঁর জন্য প্রয়োজনীয় সবকিছুই করেছেন নরেন্দ্র মোদি।
১৯৯৮ সালে মাত্র ১০ বছর বয়সে সংসারের অভাব মেটাতে দিল্লি পাড়ি জমিয়েছিলেন জিৎ বাহাদুর। ঘুরতে ঘুরতে রাজস্থান ও পরে গুজরাটে ঠাঁই মেলে তাঁর। সেখানেই মোদির সঙ্গে তাঁর দেখা করিয়ে দেন এক নারী। তখন থেকে নিজ ছেলের মতোই তাঁর সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মোদি।