মোদির পথের শক্ত কাঁটা রাহুল-অখিলেশ জুটি
উত্তর প্রদেশের পশ্চিম প্রান্তে ঘুরছি-ফিরছি, অখিলেশ ও রাহুল গান্ধীর হাসিমুখের হোর্ডিং দেখছি আর ভাবছি, হায় রে, সেই রাম নেই, সেই অযোধ্যাও নেই! কংগ্রেস এখন অখিলেশের সাইকেলের সওয়ারি হয়ে টিকে থাকার লড়াই চালাচ্ছে!
অথচ কংগ্রেসের কী স্বর্ণযুগটাই না ছিল। গোবিন্দ বল্লভ পন্থের হাত ধরে স্বাধীনতার আগে থেকে কংগ্রেস শাসন করে এসেছে এই রাজ্য। তাঁরপর একে একে সম্পূর্ণানন্দ, চন্দ্রভানু গুপ্তা, সুচেতা কৃপালনী ও ফের চন্দ্রভানু গুপ্তার পর কংগ্রেসের দৌড় থামিয়েছিলেন চৌধুরী চরণ সিং।
১৯৬৮ সাল। চরণ সিং তখন ভারতীয় ক্রান্তি দলের নেতা। টানা দুই বছর তাঁর সঙ্গে টক্কর ছিল চন্দ্রভানু গুপ্তার। তারপর ১৯৭১ থেকে ’৭৭ সাল পর্যন্ত আবার কংগ্রেসের রাজত্ব। মুখ্যমন্ত্রীর তালিকায় কী সব নাম! ত্রিভুবন নারায়ণ সিং, কমলাপতি ত্রিপাঠি, হেমবতীনন্দন বহুগুণা, নারায়ণদত্ত তিওয়ারি। জরুরি অবস্থার সংক্ষিপ্ত বিরতির পর ফের কংগ্রেস-রাজ। ১৯৮২ থেকে ’৮৯ সাল পর্যন্ত টানা শাসন চালিয়ে যান বিশ্বনাথ প্রতাপ সিং, শ্রীপতি মিশ্র, নারায়ণদত্ত তিওয়ারি ও বীরবাহাদুর সিং। ১৯৮৯ সালের নভেম্বরে অযোধ্যায় বিতর্কিত রাম জন্মভূমির শিলান্যাসের পর ডিসেম্বরের ভোটে সেই যে কংগ্রেসের প্রদীপ নিভে গেল, আজও তার সলতেয় আগুন জ্বালানো গেল না। ২৭টা বছর কেটে গেছে রাজ্যে কংগ্রেস ক্ষমতাহীন। রামরাজ্য প্রতিষ্ঠার অদম্য তাড়নায় এবার কংগ্রেস কোমর কষে নেমে চালু করে দিয়েছিল এই স্লোগানটা, ‘সাতাশ সাল ইউপি বেহাল’। তার পরের ঘটনা তো সবার জানা। দস্যু মোহন সিরিজের সেই রোমহর্ষক গল্পের ‘কোথা হইতে কী হইল, দস্যু মোহন পলাইয়া গেল’র মতো রাহুল গান্ধীর কংগ্রেসও টুক করে উঠে পড়লেন অখিলেশ সিং যাদবের সাইকেলের ক্যারিয়ারে!
দুজনের মুখে এখন শোলে সিনেমার সেই বিখ্যাত গান, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’। দুই দলের নতুন স্লোগান, ‘ইউপি কো ইয়ে সাথ পসন্দ হ্যায়’?
পছন্দ কতটা সেই প্রশ্নের উত্তর খোঁজার দিন যত এগিয়ে আসছে, বহেনজি মায়াবতীর কণ্ঠে ততই ফুটে উঠছে মুলায়মের স্বর। মুলায়মহীন সমাজবাদী পার্টির কাছ থেকে মুসলমানদের ভালোবাসা ছিনিয়ে নিতে মরিয়া মায়াবতী ৯৯ জন মুসলমানকে টিকিট দিয়েছেন। শুধু তা-ই নয়, যে বাহুবলীকে দলে টানার বিরুদ্ধে অখিলেশ তাঁর বাবা-কাকার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, সেই মুক্তার আনসারির কৌমি একতা দলকে মায়াবতী শুধু কোল পেতেই দেননি, তাঁদের তিনটি টিকিটও দিয়েছেন। সোনিয়া গান্ধীর মতো মায়াবতীও আজ পর্যন্ত কোনো জনসভায় ভাষণ দেন না। ভাষণ পাঠ করেন। তা করতে গিয়ে তিনি বলেছেন, মুসলমানদের দিশা এখন একমাত্র তিনিই দেখাতে পারেন। ক্ষমতায় এলে মুলায়ম যা করেননি, তিনি তা-ই করবেন। মুসলমানদের সঙ্গে সংরক্ষণ দেবেন উচ্চবর্ণের দরিদ্রদেরও। আর গরিব কৃষকদের ১ লাখ টাকা পর্যন্ত ঋণ মওকুফ করবেন।
রাম জন্মভূমি আন্দোলনের সময় করসেবকদের ওপর গুলি চালিয়ে মুলায়মের প্রাপ্তি ছিল নামের আগে ‘মউলানা’ বিশেষণ। সেই থেকে এ পর্যন্ত উত্তর প্রদেশে রাজত্ব করে আসছে সপা, বসপা ও বিজেপি। চার দফায় মুখ্যমন্ত্রী হয়েছেন মায়াবতী, তিন দফায় মুলায়ম, এক দফায় অখিলেশ ও তিন দফায় বিজেপি। রাজ্য থেকে বিজেপির হাওয়া হয়ে যাওয়ারও নয় নয় করে পনেরোটা বছর হয়ে গেল! মোদির চওড়া কাঁধ ও ৫৬ ইঞ্চি ছাতিতে ভর দিয়ে এবার যেন-তেন-প্রকারেণ ক্ষমতায় আসতে তারা মরিয়া। সেই পথের শক্ত কাঁটা অখিলেশ-রাহুল জুটি।
বিজেপির সুবিধাটাই হয়ে দাঁড়িয়েছে তার প্রধান অসুবিধা। নরেন্দ্র মোদির প্রবল ব্যক্তিত্ব যদি দলটার ‘ইউএসপি’ হয়ে থাকে, বিরাট খামতি তা হলে মুখ্যমন্ত্রিত্বের প্রশ্ন। ‘মোদিজি দিল্লি ছেড়ে লখনৌ আসবেন না। দিল্লিতে বসেই তিনি লখনৌয়ে রাজত্ব করতে চান। বাইরের মানুষকে রাজত্ব করার এমন লাইসেন্স উত্তর প্রদেশের মানুষ দেবে না। সেই অহংকার প্রদেশের আছে।’ অখিলেশ-রাহুলের এই বাক্য রাজ্যবাসীর অনুমোদন পাচ্ছে। মোদিকে মায়াবতী ‘দাঙ্গাবাজ’ বলেছেন। বলতেই পারেন, কারণ চার দফার রাজত্বে দাঙ্গা করার অপবাদ তাঁকে কেউ দিতে পারবে না। তবু মুসলমান মন জেতার প্রতিযোগিতায় মুলায়মের কাছে বারবার কেন মায়াবতীকে হার মানতে হয়? রাজ্যের মুসলমানের কাছে কেন তিনি সব সময়ই ‘সেকেন্ড চয়েস’?
অধ্যাপক মনোজ দিক্ষীতের ব্যাখ্যায়, ‘বহেনজির রাজৈনতিক দর্শনই এর জন্য দায়ী। ১৯৯৬ সালে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়েও কংগ্রেসকে ত্যাগ করে তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিলেন। সেই থেকে মায়াবতী আর কোনো দিন ভোটের আগে কারও সঙ্গে জোট বাঁধেননি। ভোটের পরের সম্ভাবনা খুলে রেখেছেন। মুসলমান মনের সন্দেহও তাই তিনি কখনো ঘোচাতে পারেননি, যা পেরেছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস।’