মোদির বিজয় রথ থমকে যাচ্ছে
নরেন্দ্র মোদির বিজয় রথ ঝাড়খন্ড জয় করলেও জম্মু-কাশ্মীরে থমকে যেতে চলেছে। দুই রাজ্যের শেষ দফার ভোটে বুথ-ফেরত জরিপের ফলে এই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। রাজ্য দুটিতে ভোট গণনা আগামী মঙ্গলবার।
মোট চারটি সংগঠন বা প্রতিষ্ঠান ঝাড়খন্ড ও জম্মু-কাশ্মীরের শেষ দফার ভোটে এই বুথ-ফেরত জরিপ করেছে। তাদের প্রত্যেকেই ঝাড়খন্ডে বিজেপির সরকার গঠনের বিষয়ে নিঃসংশয়। ৮১ আসনবিশিষ্ট রাজ্য বিধানসভায় বিজেপিকে সবচেয়ে কম আসন দিয়েছে ইন্ডিয়া টুডে। তারা দিয়েছে ৪৩ থেকে ৫১টি আসন। জরিপ অনুযায়ী বিজেপি ৬১টি আসনও পেতে পারে। তুলনায় ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ১০ থেকে ১৮ আসন ও কংগ্রেস ৪ থেকে ১১ আসন পেতে পারে। জরিপ সত্য হলে এবার বিজেপি একার ক্ষমতায়ই ঝাড়খন্ডে সরকার গড়তে চলেছে। অন্যভাবে বলা যায়, লালুপ্রসাদ ও নীতিশ কুমারের জোটবদ্ধতা বিহারে কাজ দিলেও ঝাড়খন্ডে তা ব্যর্থ।
তবে, কাশ্মীর দখলে নরেন্দ্র মোদির ‘মিশন ৪৪+’ এবার অধরাই থাকতে চলেছে। জরিপ অনুযায়ী, বিজেপি এই রাজ্যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসবে ভোটের পর। বিজেপির কাছে সেটাও অবশ্য এক বড় সাফল্য। কিন্তু তা হলেও এ রাজ্যে সরকার গঠন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। জরিপ অনুযায়ী, ৮৭ আসনের মধ্যে বিজেপি সবচেয়ে কম হলে ১৬ ও সবচেয়ে বেশি হলে ৩৩টি আসন পেতে পারে। এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ দল হতে যাচ্ছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। তাদের প্রাপ্তি হবে ৩২ থেকে ৪১ আসন। ওমর আবদুল্লাহর পার্টি ন্যাশনাল কনফারেন্স (এনসি) পাবে ৭ থেকে ১৩ আসনের মধ্যে। আর কংগ্রেস পাবে ৪ থেকে ১৩টি। এর মানে, জরিপ অনুযায়ী কোনো দলই একার ক্ষমতায় জম্মু-কাশ্মীরে সরকার গড়তে পারবে না। অর্থাৎ, আবার সেই জোট সরকার। প্রশ্ন হলো, সেই জোটে থাকবে কারা। জনপ্রিয় ধারণা, শেষ পর্যন্ত পিডিপি ও কংগ্রেস জোট বেঁধে সরকার গড়বে। এ ধারণার কারণ, রাজ্যে পিডিপি ও এনসির সম্পর্ক অহি-নকুলের। ফলে কংগ্রেসই একমাত্র দল, যাদের সঙ্গে পিডিপি গাঁটছড়া বাঁধতে পারে।
জরিপ ঠিক হলে বিজেপির ‘মিশন ৪৪+’ ব্যর্থ। কী কারণে? বিজেপির অভ্যন্তরীণ একটা মত হলো, কাশ্মীরে প্রথম হিন্দু মুখ্যমন্ত্রী হতে পারে—এ ঘোষণা উপত্যকায় উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ প্রতিক্রিয়ায় উপত্যকার হিন্দুরা শঙ্কিত। যার ফলে শেষ দিকের দফায় উপত্যকায় ভোটের হার কম পড়েছে। বিজেপির তরফ থেকে হিন্দু মুখ্যমন্ত্রী দেখার প্রত্যাশা ফলাও করে বলার বিষয়টি কোনো কোনো কেন্দ্রে মুসলমানদের মধ্যে মেরুকরণ হতে সাহায্য করেছে। প্রসঙ্গত, ভারতে জম্মু-কাশ্মীরই একমাত্র মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাজ্য। তবে রাজ্যের বিভিন্ন স্থানে হিন্দু-মুসলমান ঘনত্বের কমবেশি আছে।
রাজ্যের ৮৭ আসনের মধ্যে জম্মুতে আছে ৩৭ আসন, লাদাখে চারটি এবং বাকি ৪৬টি উপত্যকায়। সাধারণ পাটিগণিতের হিসাবে, জম্মু ও লাদাখে সব আসন জিতলেও সরকার গড়তে তিনটি আসন বিজেপির কম থাকত। উপত্যকায় সাবেক বিচ্ছিন্নতাবাদী সাজ্জাদ লোনের পিপলস কনফারেন্স দলের সঙ্গে বিজেপি সেই কারণেই গাঁটছড়া বাঁধে। কিন্তু জরিপের ফল অনুযায়ী, মোদির সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।