মোদির বিরুদ্ধে রাহুল সোনিয়ার জোড়া আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামলীলা ময়দানের সমাবেশে রাহুল ও সোনিয়া l এএফপি
রামলীলা ময়দানের সমাবেশে রাহুল ও সোনিয়া l এএফপি

গা ঝাড়া দিয়ে উঠে সংসদের ভেতর ও বাইরে কংগ্রেস যে মোদি সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে চলেছে, রামলীলা ময়দানের সমাবেশ তা বুঝিয়ে দিল। গতকাল রোববার দুপুরে লাখো মানুষের সুশৃঙ্খল সমাবেশে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন, ভূমি অধিগ্রহণ অধ্যাদেশই হতে চলেছে তাঁদের সরকারবিরোধী আন্দোলনের মূল হাতিয়ার।
রাহুল গান্ধীর প্রত্যাবর্তন কংগ্রেসে নতুন জোয়ার আনতে পারে কি না, সেদিকেই ছিল সবার নজর। সোনিয়া ও রাহুল নিশ্চিতভাবেই সে প্রশ্নের উত্তর কিছুটা হলেও দিয়েছেন কাল।
প্রধানমন্ত্রী মোদি ও তাঁর সরকারকে আক্রমণে সোনিয়া-রাহুলের কোনো রাখঢাক ছিল না। মোদিকে সরাসরি শিল্পপতিদের তাঁবেদার চিহ্নিত করে রাহুল বলেন, ভোটের আগে শিল্পপতিদের কাছ থেকে তিনি কোটি কোটি টাকা নিয়েছেন। সেই টাকায় তাঁর মার্কেটিং হয়েছে। নির্বাচনে জিতে সেই টাকা তাঁদের তো ফেরত দিতে হবে। কীভাবে তা দেবেন? কৃষকের সোনার দামের জমি কেড়ে তা তুলে দেবেন শিল্পপতিদের হাতে। সে জন্যই বিজেপি সরকার নতুন ভূমি বিল পাশ করতে চায়।
মোদির নাম করে সোনিয়া বলেন, ‘আমি তাঁকে বলতে চাই অনেক হয়েছে। আপনার প্রতিশ্রুতি যে ফাঁকা, দেশবাসী তা বুঝেছে।’
রামলীলা ময়দানের এই সমাবেশ এটাও বুঝিয়ে দিল, রাহুলের উত্তরাধিকারের প্রশ্নটি আপাতত বিবেচ্য নয়। দলের মনোযোগ আপাতত সংগঠনকে আক্রমণমুখী করে তোলার দিকেই। মূল মঞ্চে রাহুল-সোনিয়া ছাড়া আরও ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সোনিয়ার ঘনিষ্ঠ এ কে অ্যান্টনি, গোলাম নবী আজাদ ও লোকসভার নেতা মল্লিকার্জুন খারগে।