
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনে রাখা উচিত তিনি ভারতের সবার প্রধানমন্ত্রী—এ কথা বলেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। তিনি বলেছেন, ধর্মীয় অসহিষ্ণুতা, গরু জবাইয়ের মতো বিষয় বা মুজাফফরনগরের (দাঙ্গার) মতো ঘটনায় মোদি সব সময় চুপ থেকেছেন। ভারতের ইংরেজি সাময়িকী ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার পর এই প্রথম সংবাদপত্রকে সাক্ষাৎকার দিলেন মনমোহন। সাক্ষাৎকারে ভারতের বর্তমান সরকারের কর্মকাণ্ড, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক, অর্থনীতি—এসব প্রসঙ্গ উঠে আসে।
বিজেপির দেড় বছরের সরকার কেমন চালিয়েছে—এ প্রশ্নের উত্তরে মনমোহন বলেন, এ ধারণাটি ক্রমশই বাড়ছে যে, বিজেপি যে বিশাল প্রতিশ্রুতি দিয়ে এসেছিল তা তারা রক্ষা করতে পারছে না। প্রধানমন্ত্রী মোদি ‘বিকাশের’ (উন্নয়ন) কথা বলেন। কিন্তু প্রবৃদ্ধির নিরিখে বিবেচনা করতে গেলে আমরা যে সময় ক্ষমতা ছেড়েছি সে সময়ের তুলনায় বড় কোনো পরিবর্তন নেই।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে মনমোহনের কাছে প্রশ্ন ছিল, ‘গরু জবাই, এ নিয়ে উত্তর প্রদেশে এক মুসলমান খুন, অসহিষ্ণুতার এসব ঘটনায় প্রধানমন্ত্রীর মনোযোগ কি বাধাগ্রস্ত হয়েছে? উত্তরে মনমোহন বলেন, এ সবই সমস্যা। জনমত নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন, দেশের মানুষ এটাই প্রত্যাশা করে। কিন্তু গরু জবাইয়ের প্রশ্ন বা মুজাফফরনগর বা অন্যত্র যা
হলো, এই সবকিছু নিয়ে মোদি কখনো কিছু বলেননি। সব সময় চুপ থেকেছেন।