মোদির মন্ত্রিসভার বহর বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রিসভা সম্প্রসারিত করলেন। গতকাল রোববার মোট ২১ জন নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। কিন্তু সব ছাপিয়ে বড় হয়ে উঠল বিজেপি-শিবসেনা সম্পর্ক। মহারাষ্ট্রে দুই দলের জোট আগেই ভেঙে গেছে। কেন্দ্রে যদিও শিবসেনা এখনো শরিক। কিন্তু মন্ত্রিসভা গঠনকে কেন্দ্র করে দিনভর যা ঘটল তাতে শিবসেনা কেন্দ্রে শরিক থাকবে কি না, সেই প্রশ্ন উঠে গেছে। প্রশ্ন উঠছে মহারাষ্ট্র নিয়েও। সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিশ আগামী বুধবার আস্থাভোট নেবেন। শিবসেনা সরকারে যাবে না বিরোধী আসনে বসবে—তা নিয়ে আপাতত জল্পনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই নরেন্দ্র মোদি বলেছিলেন, তিনি ছোট কিন্তু কার্যকর মন্ত্রিসভা গড়বেন। গতকাল যে ২১ জন শপথ নিলেন, তাঁদের মধ্যে পূর্ণ মন্ত্রী চারজন, স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী তিনজন, বাকি ১৪ জন প্রতিমন্ত্রী। কেন্দ্রে বর্তমানে শিবসেনার পূর্ণ মন্ত্রী একজনই। ভারী শিল্পমন্ত্রী অনন্ত গীতে। শিবসেনার দাবি ছিল আরও একটি পূর্ণ মন্ত্রীর পদ। সেই পদে তারা মনোনীত করে অনিল দেশাইকে। নানা টালবাহানা শেষে গতকাল সকালে অনিল দিল্লি এসেও যান। কিন্তু শিবসেনার দাবি মানতে মোদি রাজি হননি। অনিলকে তিনি প্রতিমন্ত্রী হতে বলেন। ফলে ক্ষুব্ধ শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরে অনিলকে মুম্বাই ফিরে আসার নির্দেশ দেন। শিবসেনাও শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করে।
এই চমকের পরও বাকি ছিল আরও এক চমক। শিবসেনা চায়নি তাদের সদস্য সুরেশ প্রভুকে পূর্ণ মন্ত্রী করা হোক। কিন্তু মোদি সেটাই করেন। শপথ গ্রহণের আগেই তাই প্রভু শিবসেনা ছেড়ে বিজেপিতে যোগ দেন। প্রভুর সঙ্গে শিবসেনা নেতৃত্বের সম্পর্ক মধুর নয়। রাজনৈতিক দিক থেকে তিনি অনেক বেশি মোদি-ঘনিষ্ঠ।
প্রভুর বিজেপিতে যোগদান ও বিজেপি-শিবসেনা টানাপোড়েন ছাড়া মন্ত্রিসভা সম্প্রসারণের বাকি সবকিছুই প্রত্যাশিত ছিল। সকালে নতুন মন্ত্রীদের সঙ্গে তাঁর বাসভবনে মিলিত হন মোদি। কোনভাবে এবং কোন মানসিকতা নিয়ে তিনি সরকার পরিচালনা করছেন, মন্ত্রীদের কাছ থেকে কী তিনি চান, সে সব বুঝিয়ে বলেন হবু মন্ত্রীদের। বেলা ঠিক দেড়টায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একে একে ২১ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। প্রভু ছাড়া বাকি তিন পূর্ণ মন্ত্রী হলেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকর, হিমাচল প্রদেশের জে পি নাড্ডা ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া হরিয়ানার সাবেক কংগ্রেস নেতা বীরেন্দ্র সিং। স্বাধীন ভারপ্রাপ্ত তিন প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন বিহারের রাজীব প্রতাপ রুডি। এই তরুণ নেতার ওপরেই ছিল মহারাষ্ট্র নির্বাচনের ভার। বাকি দুজন উত্তর প্রদেশের মহেশ শর্মা ও তেলেঙ্গানার একমাত্র বিজেপি সাংসদ বানদারু দত্তাত্রেয়।
বিহারে বিধানসভার ভোট আগামী বছর। কাজেই বিহারের দিকে মোদির নজর একটু বেশিই। রুডি ছাড়া বিহার থেকে মন্ত্রী হলেন আরও দুজন। রামকৃপাল যাদব ও গিরিরাজ সিং। সব মিলিয়ে মন্ত্রিসভায় বিহারি হলেন আটজন। অলিম্পিয়ান শুটার রাজ্যবর্ধন সিং রাঠোরকেও প্রতিমন্ত্রী করা হলো। উত্তর প্রদেশ থেকে প্রতিমন্ত্রী হলেন মুখতার আব্বাস নাকভি। এই ২১ জনের মধ্যে তিনিই একমাত্র মুসলমান। প্রতিমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে লোকসভায় জিতে আসা গায়ক-অভিনেতা বাবুল সুপ্রিয়ও।
নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহর নজরে এখন যে রাজ্যগুলো রয়েছে, সেগুলোর অন্যতম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে মাত্র দুটি। গত নির্বাচনে এই রাজ্যে বিজেপি ১৭ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছে। সেখানে রাজনৈতিক লড়াই প্রধানত তৃণমূলের সঙ্গে বিজেপির। কংগ্রেস ও সিপিএম ছেড়ে দলে দলে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। তৃণমূলের সঙ্গে জেলায় জেলায় বিজেপির সংঘাতও হচ্ছে নিত্য। এই অবস্থায় তরুণ ও ডাকাবুকো সাংসদ বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করে বিজেপি এই বার্তাই দিতে চেয়েছে যে পশ্চিমবঙ্গকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে।
কলকাতা প্রতিনিধি জানান, বাবুল সুপ্রিয়র প্রতিমন্ত্রী হওয়ায় পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থকদের মধ্যে চলছে আনন্দের বন্যা। আসানসোলে শুরু হয়েছে অকাল হোলি উৎসব। বাজছে ব্যান্ড। চলছে আতশবাজি। বাবুল সুপ্রিয় মন্ত্রী হওয়ায় খুশি তাঁর মা, বাবা এবং মেয়ে। পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা সন্তোষ প্রকাশ করে বলেছেন, এবার এই রাজ্যের উন্নয়নের গতি আরও বাড়বে।