ভারতের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে করা একটি মামলা গতকাল খারিজ করে দিয়েছেন। আইনজীবী প্রশান্ত ভূষণ একটি বেসরকারি সংগঠনের পক্ষে এই মামলায় অভিযোগ করেছিলেন, মোদি নগদ অর্থ নিয়েছেন বলে সন্দেহ রয়েছে।
বিচারকদের একটি প্যানেল এই মামলার পক্ষে কোনো সাক্ষ্যপ্রমাণ পায়নি। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী গত বছরের শেষ দিকে বলেছিলেন, মোদির দুর্নীতির প্রমাণ দেখিয়ে তিনি ‘ভূমিকম্প’ ঘটাবেন।
লিখিত রেকর্ডের বরাত দিয়ে মামলাটির বাদী অভিযোগ করেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী’ কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০১৩ সালের শেষ দিকে এবং ২০১৪ সালের প্রথম দিকে অন্তত ৪০ কোটি রুপির সমপরিমাণ নগদ অর্থ নিয়েছেন বলে এক ব্যক্তি অভিযোগ করেছেন।
মোদি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতাসীন হন।
বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বলেন, এই মামলা তদন্তের জন্য নির্দেশ দেওয়ার মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ নেই। তাই এটা খারিজ করে দেওয়া হচ্ছে।
সরকারের শীর্ষ আইনজীবী অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি আদালতকে বলেন, মোদিকে অর্থ দেওয়া হয়েছিল, এমন অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই। আইনি প্রমাণ হিসেবে এ ধরনের কাগজ গ্রহণ করলে দেশে কেউ নিরাপদে থাকবে না। যে কেউ এ রকম কাগজ দেখিয়ে যে কারও নামে মামলা করে দিতে পারে।