মোদির মুখে এবার মমতার প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে গতকাল রোববার রাজ্যটিকে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত শনিবার সফরের প্রথম দিনে কলকাতার নজরুল মঞ্চে পাশাপাশি বসে এক হয়ে কেন্দ্র ও রাজ্যের উন্নয়নের কাজে ব্রতী হওয়ার ডাক দিয়েছিলেন মোদি। গতকাল আরও একধাপ এগিয়ে মোদি প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মোদির মুখে মমতার প্রশংসা পশ্চিমবঙ্গে অনেকের কাছেই অপ্রত্যাশিত। কারণ, মমতার সঙ্গে মোদির সম্পর্ক অনেক দিন ধরেই মোটেও ভালো নেই।
গতকাল বর্ধমান জেলার বার্নপুরে ইস্কোর স্টিল প্ল্যান্টের আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধনের সময় মঞ্চে মমতা বসেছিলেন মোদির পাশেই।
বার্নপুরের পোলো গ্রাউন্ড ময়দানের ওই মঞ্চে দাঁড়িয়ে মমতা বললেন, ‘কেন্দ্রের সঙ্গে এবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। রাজনীতি থাকবে। পাশাপাশি উন্নয়নও হবে। ভারতের উন্নয়ন মানে বাংলার উন্নয়ন।’
মোদি তাঁর ভাষণে মমতার প্রশংসা করে বলেন, ‘মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন। কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করলে দেশের উন্নয়ন হবে।’