মোদির শিক্ষার দৌড় জানতে চান কেজরিওয়াল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ ব্যাপারে তথ্য না দেওয়ায় তথ্য কমিশনের কড়া সমালোচনাও করেন তিনি।
কেজরিওয়াল দিল্লি ও গুজরাট বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে নরেন্দ্র মোদির রোল নম্বর কত ছিল, তা জানতে চান। ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরেন্দ্র মোদি নামে কতজন স্নাতক পাস করেছিলেন, তা-ও জানতে চান। তবে দিল্লি বিশ্ববিদ্যালয় এসব তথ্য দিতে রাজি হয়নি। রোল নম্বরের মতো খুঁটিনাটি বিষয় সংগ্রহে নেই বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব তথ্য দেবে না বলেও জানায়।
এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় কেজরিওয়াল বলেন, নিজের সব তথ্য জনগণকে জানাতে তাঁর কোনো বাধা নেই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আচরণে তিনি বুঝতে পেরেছেন যে তাঁরা মোদির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য গোপন করতে চাইছে। এটি একেবারেই ঠিক না। এভাবে তথ্য জানার অধিকারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খর্ব করছে বলেও তিনি অভিযোগ করেন।
কেজরিওয়াল তথ্য কমিশনার এম শ্রীধর আচারলুর কাছে গতকাল শুক্রবার কড়া ভাষায় একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, শ্রীধর আচারলু ভারতের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা গোপন করেছেন। এতে জনগণের মনে সন্দেহ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, কমিশন কি সত্যিই নিরপেক্ষ?