মোদির সফরে মানব পাচার রোধে সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় মানব পাচার রোধে দুটি দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল শনিবার এ স্মারক অনুমোদন করে।
পাচার রোধের চুক্তি ছাড়াও গতকাল ভারতের মন্ত্রিসভা বাংলাদেশ ও ভারতের মধ্যে উপকূল ঘেঁষে জাহাজ চলাচল চুক্তির অনুমোদন দেয়। এ চুক্তি হলে পণ্য পরিবহনের খরচ কমে আসবে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে।
ওই ওয়েবসাইটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানব পাচার বিশেষ করে নারী ও শিশু পাচার রোধে এ স্মারক স্বাক্ষরিত হবে। এতে পাচার হওয়া ব্যক্তিদের উদ্ধার, ফেরত পাঠানো এবং ভুক্তভোগীদের তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার বিষয়গুলো থাকছে।
মন্ত্রিসভার বৈঠকের পর ভারতের টেলিযোগাযোগমন্ত্রী রবিশংকর প্রসাদ সাংবাদিকদের বলেন, মানব পাচার একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাচার রোধের একটি প্রচেষ্টার অংশ এ সমঝোতা স্মারক।
অপরদিকে উপকূল ঘেঁষে জাহাজ চলাচলের চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারত একে অপরের সমুদ্র ও নদীপথ ব্যবহার করতে পারবে। পণ্যবাহী জাহাজ চলাচলে দুই দেশ সমান সুযোগসুবিধা পাবে। এতে সড়কপথে বিশেষ করে বাংলাদেশ-ভারত সীমান্তে চেকপোস্টগুলোতে অথবা স্থলবন্দরগুলোতে চাপ কমবে।
রিভার সি ভেসেল বা আরএসভি নামে পরিচিত একধরনের জাহাজ দুদেশের উপকূল ঘেঁষে চলাচল করবে। আরএসভি নির্মাণ ও চলাচল খরচ প্রচলিত জাহাজ থেকে কম। ফলে দুই দেশই আরএসভি ক্যাটাগরির জাহাজ চলাচলে সম্মত হয়।
জাহাজ চলাচল চুক্তির মেয়াদ হবে পাঁচ বছর। এরই মধ্যে বাংলাদেশের মন্ত্রিসভা এ চুক্তির খসড়া অনুমোদন করেছে।
আগামী ৬ জুন দুদিনের সফরে নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন।
এদিকে গতকাল ভারতের ইংরেজি দৈনিক দ্য ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি স্থলসীমান্ত চুক্তির বিষয়টি সুরাহা হওয়াকে বার্লিন দেয়াল পতনের সঙ্গে তুলনা করেছেন। ওই সাক্ষাৎকারের সূত্র ধরে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়, মোদি দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন নিয়ে কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেননি।
সাক্ষাৎকারে মোদি বলেন, ‘সবাইকে আস্থায় নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থলসীমান্ত ইস্যুর সমাধান করেছি। গণমাধ্যম এর গুরুত্ব উপলব্ধি করতে পারেনি। তাই তারা কেবল অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছে।’
ভারতের ইংরেজি দৈনিক দ্য ইকোনমিক টাইমস-এ গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মোদির আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিভিন্ন বিষয়ে সমাধানের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এ সফরে বাংলাদেশ দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তিস্তার পানি বণ্টন ইস্যুর ন্যায্য সমাধান চায়। ভারত চায়, তেঁতুলিয়া করিডর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত হোক।