মোদি-অমিত জুটিকে দায়ী করল শিবসেনা
দিল্লি বিধানসভার নজিরবিহীন নির্বাচনী বিপর্যয়ে এমনিতেই বিপর্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এর মধ্যে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে বিজেপির আদর্শিক মিত্র শিবসেনা নেতা উদ্ধব থাকরে এ ভরাডুবির জন্য দায়ী করলেন দুই শীর্ষ নেতা মোদি ও দলের সভাপতি অমিত শাহকেই। গতকাল বুধবার শিবসেনার দলীয় মুখপত্র সামনাতে প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়, মোদির উপস্থিতি বা অমিত শাহের কৌশল—কোনোটিই নির্বাচনে কাজ করেনি।
সম্পাদকীয়তে বলা হয়, পুরো নির্বাচনী প্রচারণাই চলেছে প্রধানমন্ত্রী মোদির নামে। দল যেমন অন্যান্য রাজ্যের সাফল্যের কৃতিত্ব দিয়েছে মোদিকে, তেমনি দিল্লির নির্বাচনে পরাজয়ের দায়টাও তাঁকেই নিতে হবে।
গত মঙ্গলবার দিল্লির বিধানসভার নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই উদ্ধব মুম্বাইয়ে বলেন, ঢেউয়ের বিপরীতে সুনামির শক্তি কত প্রবল হতে পারে তা দেখিয়ে দিয়েছে দিল্লির মানুষ।
নরেন্দ্র মোদির জনপ্রিয়তা বোঝাতে বিজেপির সমর্থকেরা ‘মোদি ঢেউ’ শব্দগুচ্ছ প্রায়ই ব্যবহার করে থাকে।
সামনার সম্পাদকীয়তে আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর ব্যর্থতা, বেকারত্ব এবং দুর্নীতির বিরুদ্ধে দিল্লির মানুষ বিজেপিকে শাস্তি দিয়েছে।
নির্বাচনী প্রচারণায় বিরোধীদের আক্রমণ করে বক্তব্য দিয়ে বিজেপি বড় ভুল করেছে বলে সম্পাদকীয়তে মন্তব্য করা হয়।