মেয়েটির সঙ্গে সম্পর্ক রাখায় পিটিয়ে হত্যা তরুণকে
ভারতের দিল্লিতে ১৮ বছরের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আট থেকে ১০ জন তাঁর ওপর হামলা করে। আশপাশের লোকজন তাঁকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। পুলিশ কারণ হিসেবে বলেছে, একটি মেয়ের সঙ্গে সম্পর্কের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় তিন কিশোরসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
গত বুধবার এ পেটানোর ঘটনা ঘটে। ওই তরুণ পরের দিন সকালে হাসপাতালে মারা যান। আজ শনিবার এনডিটিভিসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
নিহত তরুণের নাম রাহুল। তিনি পশ্চিম দিল্লির আদর্শ নগরের জাহাঙ্গীরপুরির বাসিন্দা ছিলেন। এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে হামলার আগমুহূর্তেও তিনি ওই মেয়ের সঙ্গে ছিলেন।
তদন্তে দেখা গেছে ওই তরুণের সঙ্গে একটি মেয়ের বন্ধুত্ব ছিল। কিন্তু মেয়েটির পরিবার এই বন্ধুত্ব মেনে নেয়নি। মেয়েটির ভাই ও পরিবারের সদস্যরা এ নিয়ে তরুণকে বেদম পেটায়। এতে তাঁর মৃত্যু হয়।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, রাহুল তাঁর মা-বাবা ও ছোট বোনের সঙ্গে থাকতেন। তাঁর বাবা একজন ট্যাক্সিচালক। বাবাকে সহায়তা করতে তিনি টিউশনি করতেন। তিনি ব্যাচেলর অব আর্টসের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
৭ অক্টোবরের এক সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার আগমুহূর্তেও তাঁকে রাস্তায় একটি মেয়ের সঙ্গে দেখা যায়। সে সময় কয়েকজন তাঁকে ডাকে। কয়েক পা যেতেই তারা তাঁকে নির্মমভাবে পেটাতে থাকে। পরে হাসপাতালে তিনি মারা যান।
পুলিশ জানায়, দুজন দুই সম্প্রদায়ের হওয়ায় মেয়েটির পরিবার এই সম্পর্কের বিরোধী ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণ আঘাতের কারণে রাহুলের মৃত্যু হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পুলিশ এ ঘটনায় হত্যা মামলা করেছে। দুজন প্রাপ্তবয়স্ক ও তিনজন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ওই মেয়ের ছোট ভাই, স্বজন ও বন্ধু রয়েছে।
রাহুলের চাচা ধরমপাল বলেন, দুই মাস আগে তাঁরা এই সম্পর্কের কথা জানতে পারেন। রাহুল ওই মেয়েকে কোচিং সেন্টারে ইংলিশ পড়াতেন। ধরমপাল পুলিশকে বলেন, ‘এই মেয়েটির পরিবার রাহুলকে তার (মেয়ে) সঙ্গে কথা বলতে বারণ করে। আমরা তাঁর (রাহুল) নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম।’