মেয়েরা প্রতিবাদী না হওয়ায় ছেলেরা শ্লীলতাহানি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার। ছবি: এএফপি
অক্ষয় কুমার। ছবি: এএফপি

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার বলেছেন, ‘শ্লীলতাহানি বা উত্ত্যক্তের প্রতিবাদ না করে মেয়েরা চুপ থাকে বলেই ছেলেরা শ্লীলতাহানি করে। মেয়েরা জানে না, কেউ শরীর স্পর্শ করার সময় ঠিক কী করতে হয়। তাই এখন থেকে আর মুখ বুজে চুপ করে থাকা নয়, চিৎকার করুন...।’
এ ক্ষেত্রে মেয়েদের উদ্দেশে অক্ষয়ের পরামর্শ, ‘ছেলেরা যদি খারাপভাবে মেয়েদের শরীর স্পর্শ করে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। বরং ঘুরে ওই ছেলেকে একটা চাপকে মার দিয়ে দৌড়াতে হবে।’ মার্শাল আর্টে পারদর্শী অক্ষয় জোর দিয়ে বলেন, মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাটা জরুরি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মুক্তি-প্রতীক্ষিত ছবি ‘নাম শাবানা’র প্রচারে গতকাল সোমবার দিল্লির ‘গার্গি কলেজ ফর ওমেন’-এ গিয়েছিলেন অক্ষয়। সেখানেই তিনি নারীদের উদ্দেশে এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছবিটির সহ-অভিনেতা মনোজ বাজপেয়ি, তাপসী পান্নু ও প্রযোজক নীরাজ পাণ্ডে।

অক্ষয় কুমার বলেন, ‘মেয়েদের যেকোনো জায়গায়, যেকোনো সময় নিশ্চিন্তে চলাফেরা করার স্বাধীনতা থাকা উচিত। এমনটা হলে আমার মনে হয়, এই দেশে মেয়েদের মার্শাল আর্ট বা আত্মরক্ষার কৌশল না শিখলেও চলে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু নোংরা মানসিকতার মানুষের জন্য মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখা দরকার।’

নারীদের উদ্দেশ করে জনপ্রিয় এ অভিনেতা আরও বলেন, ‘মুম্বাইয়ে আমার একটি মার্শাল আর্টের স্কুল আছে। এখানেও (দিল্লি) একটি স্কুল খুলতে চাই। কিন্তু ঠিক কখন, তা আমি বলতে পারছি না। তবে আমি আপনাদের বলতে চাই, যদি কোনো ছেলে আপনাদের শরীরে খারাপ উদ্দেশ্যে হাত দেয়, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। বরং ঘুরে ওই ছেলেকে একটা মেরে দৌড় দিন।’

অক্ষয় কুমার অভিনীত ‘নাম শাবানা’ ছবিটি ৩১ মার্চ মুক্তি পাওয়ার কথা। ছবিটির পরিচালক শিবম নায়ার। ছবিটির প্রচারের জন্য অক্ষয় ও তাপসী পান্নু সামাজিক যোগাযোগের মাধ্যমে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখার একটি ভিডিও পোস্ট করেছেন।