মৈত্রী এক্সপ্রেস ট্রেনে আগুন
ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে গতকাল রোববার বিকেলে আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
যাত্রী ও রেলওয়ের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রীবাহী এই ট্রেনটি গতকাল সকালে ঢাকা থেকে ছেড়ে কলকাতা স্টেশনে যাচ্ছিল। দুপুরে দর্শনা ও গেদে স্টেশনে অভিবাসন ও শুল্ক দপ্তরের কাজ সম্পন্ন করে ট্রেনটি কলকাতা স্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি কাঁকিনাড়া স্টেশনের কাছে গেলে যাত্রীরা হঠাৎ করে ট্রেনে আগুনের ধোঁয়া দেখতে পান। এর পর চালক ট্রেনটি কাঁকিনাড়া স্টেশনে থামিয়ে দেন। তখন দেখা যায়, ট্রেনের খাবারের কামড়া থেকে আগুনের ধোয়া বের হচ্ছে। খবর দেওয়া হলে দমকল কর্মীরা গিয়ে আগুন নেভান।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে আসেন কাঁকিনাড়া স্টেশনে। শুরু করেন ছোটাছুটি। আগুন নেভানোর পর ২০ মিনিট দেরিতে ট্রেনটি নির্ধারিত গন্তব্যে ছেড়ে যায়।
শিয়ালদহ বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক জয়া ভার্মা সিনহা বলেন, আগুন লাগার ঘটনার তদন্ত চলছে। কারও গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।