
দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দুটি লোকসভা আসনে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। আসন দুটি হলো আলিপুরদুয়ার ও কোচবিহার। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ছয়টায়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণ শুরু হলে আলিপুরদুয়ারের কুমারগ্রামের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিদায়ী সাংসদ দশরথ তিরকে ভোট দিতে গেলে, ইভিএম যন্ত্র খারাপ হওয়ায় তিনি ভোট না দিয়ে ফিরে আসেন। ভোটকেন্দ্রে তিনি তৃণমূলের ব্যাজ পরে ঢুকলে আপত্তি ওঠে। এরপর তিনি সবার সামনে বুকের ব্যাজ খুলে বেরিয়ে যান। পরে অবশ্য ইভিএম মেশিন এলে তিনি ভোট দিয়েছেন।
আলিপুরদুয়ারের শীতলকুচির ভোটকেন্দ্রে তৃণমূল এজেন্টরা অন্য দলের এজেন্টকে ঢুকতে দেননি বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, বিজেপির এক এজেন্ট এলে তাঁকেও বের করে দেওয়া হয়।
অন্যদিকে তুফানগঞ্জের বিজেপির একটি নির্বাচনী অফিসে ভাঙচুর করেন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। কোচবিহারের মাথাভাঙ্গায় বিজেপির হাতে মারধরের শিকার হন তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েতের নেতা। এতে আহত হন ওই নেতাসহ তিনজন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আহত তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া কোচবিহারের দিনহাটার মাতালহাটে ভোটকেন্দ্রের কাছে বোমাবাজি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বিজেপির সমর্থকদের। এরপরই বিজেপির সমর্থকেরা সড়কের ওপর অবস্থান ধর্মঘটে বসেন। তাঁরা মাতালহাট-বক্সিরহাট সড়ক অবরোধও করেন।
বিভিন্ন ভোটকেন্দ্রে ইভিএম যন্ত্র বিকল হওয়ার বিষয়টি ‘রহস্যজনক’ বলে অভিহিত করেছেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের নাটাবাড়িতে তৃণমূলের হামলায় দুই বিজেপি কর্মী আহত হয়েছেন। এই ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন মন্ত্রী।
লাভপুরে উদ্ধার হয়েছে কিছু তাজা বোমা। কোচবিহারের সিতাইয়ে একজন বিজেপি এজেন্টকে অপহরণ করার অভিযোগ উঠেছে। দিনহাটার ভূতকুড়ির বুথে ইভিএম ভাঙচুর করেছেন একদল সমর্থক। কোচবিহারের ফরোয়ার্ড ব্লকের প্রার্থীর গাড়িও ভাঙচুর হয়েছে। বলরামপুরে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। এ ছাড়া বেশ কয়েকটি বুথে শাসক দলের জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অন্যান্য স্থানে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের যে দুটি আসনে ভোট নেওয়া হয়েছে, সেই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮ জন প্রার্থী। এর মধ্যে রয়েছে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, বাম দল ফরোয়ার্ড ব্লক, আরএসপিসহ অন্যান্য কয়েকটি ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা। মূলত এই দুটি আসন বাম দল ফরোয়ার্ড ব্লক ও আরএসপির দখলে ছিল। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আসন দুটি চলে যায় তৃণমূলের হাতে।
আলিপুরদুয়ার আসনে উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে রয়েছেন তৃণমূলের দশরথ তিরকে, বিজেপির জন বারলা, আরএসপির মিলি ওরাওঁ, কংগ্রেসের মোহনলাল বসুমাতা প্রমুখ। আর কোচবিহার কেন্দ্রের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন তৃণমূলের পরেশ চন্দ্র অধিকারী, বিজেপির নিশীথ প্রামাণিক, ফরোয়ার্ড ব্লকের গোবিন্দ রায় ও কংগ্রেসের পিয়া রায় চৌধুরী। এই দুটি কেন্দ্রে রয়েছে প্রচুর আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের মানুষের বাস। রয়েছেন প্রচুর চা–শ্রমিকও।