
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ হেনে বিহারে নির্বাচনী অভিযান শুরু করলেন ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী। পশ্চিম চম্পারন জেলার রামনগরে এক জনসভায় গতকাল শনিবার তিনি বলেন, ‘স্যুট-বুটে মোড়া মোদি এখন শুধুই স্যুট-বুট পরা মানুষের সঙ্গে মেশেন, কথা বলেন। চাষিদের কথা ভাবার কোনো সময় তাঁর নেই।’
বিহারে কংগ্রেস আরজেডি ও জেডিএর (ইউ) জোটসঙ্গী হলেও রাহুলের জনসভায় ওই দুই দলের শীর্ষ নেতারা হাজির ছিলেন না। প্রার্থী মনোনয়ন নিয়ে তাঁরা ‘ব্যস্ত’।
রাহুল বুঝিয়ে দিয়েছেন, মোদি সরকারের ‘কৃষকবিরোধী জমি নীতিই’ হতে চলেছে তাঁর দলের প্রধান হাতিয়ার। আজ রোববার দিল্লিতে ‘কিষান মহাসম্মেলনের’ আয়োজন করেছে কংগ্রেস।
রাহুল বলেন, উন্নয়নের নামে কৃষকদের জমি কেড়ে নেওয়ার সব ব্যবস্থা মোদি করেছিলেন। কংগ্রেস সেই বিল আটকে দিয়েছে। রাহুল বলেন, মোদি বলেছিলেন কালো টাকা দেশে এনে সবার ব্যাংক হিসাবে ১৫ লাখ করে দেবেন, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দ্বিগুণ করবেন, দুই কোটি লোককে চাকরি দেবেন। দিয়েছেন কি? জনতা সমস্বরে জবাব দেয়, ‘না’। রাহুল বলেন, ‘মিথ্যা আশ্বাস দিতে ওঁর জুড়ি নেই।’
রাহুল প্রধানমন্ত্রীর অতীত নিয়েও সন্দেহ প্রকাশ করে বলেন, ‘উনি নাকি চা বিক্রি করতেন। সত্যি কি না জানি না। তখন কুর্তা পরতেন। এখন ১৫ লাখ টাকার স্যুট পরেন। আর স্যুট-বুট পরা মানুষের কথাই ভাবেন।’