মোদি ও তাঁর মন্ত্রিসভার রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি । ফাইল ছবি
নরেন্দ্র মোদি । ফাইল ছবি

আগামী বছরের ভোটের দিকে নজর তো ছিলই, কিন্তু মন্ত্রিসভার রদবদলের সময় আরও একটা স্পষ্ট ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটা হলো মন্ত্রিসভায় বিতর্কিত ও অদক্ষদের জায়গা নেই।
না হলে একদা ‘ব্লু আইড’ লেডি স্মৃতি ইরানিকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় থেকে সরিয়ে তিনি বস্ত্র মন্ত্রণালয়ে নিয়ে আসতেন না। আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে সদানন্দ গৌড়াকে পরিসংখান মন্ত্রণালয়ে নিয়ে যেতেন না। অথবা বীরেন্দ্র সিংয়ের হাত থেকে গ্রামোন্নয়ন মন্ত্রণালয় কেড়ে খনি মন্ত্রণালয়ে নিয়ে যেতেন না।
অবশ্য সেই সঙ্গে একটা বিস্ময়ও তিনি জাগালেন। এই রদবদলে পুরোনো মন্ত্রিসভার স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে একমাত্র প্রকাশ জাভড়েকরই পূর্ণমন্ত্রী হয়েছেন। প্রকাশ ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী। স্মৃতি ইরানির জায়গায় হলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। তাঁরই মতো স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল ও পেট্রো-রসায়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুজনেই উপেক্ষিত হলেন!
পীযূষ ও ধর্মেন্দ্র দুজনেই গত দুই বছরে যথেষ্ট যোগ্যতার পরিচয় রেখেছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতেও এই দুজনের অবদান যথেষ্ট। বিদ্যুৎ আদান-প্রদানের ক্ষেত্রে পীযূষের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ঘনিষ্ঠতর হয়েছে গত দুই বছরে। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর কয়েকের মধ্যে ভারত থেকে বাংলাদেশ আরও বিদ্যুৎ পাবে। পার্বতীপুর থেকে ডিজেল সরবরাহেও ধর্মেন্দ্র প্রধান অনেকখানি এগিয়ে গেছেন। তিনি বাংলাদেশে ঘুরেও এসেছেন। শিলিগুড়ি থেকে এক ওয়াগনভর্তি ডিজেল বাংলাদেশে পাঠানো ছিল তাঁরই উদ্যোগ। প্রকাশের মতো ভাগ্যবান তাঁরা হতে পারলেন না কেন, সেই প্রশ্ন রাজনৈতিক মহলে এই মুহূর্তে প্রবল আলোচিত।
স্মৃতি ইরানি গত দুই বছরে অহেতুক বিতর্ক সৃষ্টি করেছেন। মাত্র ৪০ বছর বয়সী এই সাবেক অভিনেত্রী (‘সাস ভি কভি বহু থি’খ্যাত) ভোটের আগে থেকেই মোদির নয়নের মণি ছিলেন। মোদির কথাতেই তিনি আমেথি থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোটে দাঁড়ান। কিন্তু তবু তাঁকে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী করেছিলেন মোদি। যদিও শুরুতেই বিতর্কের মুখে পড়েন তাঁর শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে। কলেজের ডিগ্রি না থাকা কাউকে কী করে উচ্চশিক্ষামন্ত্রী করা যায়, সেই প্রশ্ন উঠতে শুরু করে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী অনিল কাকোদকরের সঙ্গে আইআইটির পরিচালক নিয়োগ নিয়ে অযথা ঝগড়ায় জড়ান। বিতর্কে জড়িয়ে পড়েন দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায়। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারকে গ্রেপ্তার ও দেশদ্রোহের অভিযোগ আনাকে কেন্দ্র করে সারা দেশে নিয়ে সমালোচিত হতে থাকেন তিনি। সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি নিয়েও তিনি কম সমালোচিত হননি। কারণ, কাশ্মীরে শ্রীনগরে এনআইটিতে এই কর্মসূচি ঘিরে শুরু হয় চরম অশান্তি। মোদির নির্দেশ ছিল বিতর্ক দূরে সরিয়ে কাজ করে যাওয়া। স্মৃতি ইরানি সেই গণ্ডি টপকেছেন বারবার।
কর গোনা কয়েকজনকে বাদ দিলে গত দুই বছরে মোদির মন্ত্রিসভার কেউই প্রশাসক হিসেবে তেমন কোনো দাগ কাটতে পারেননি। সেই অর্থে ৭৮ সদস্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশই এখনো পর্যন্ত অজ্ঞাতকুলশীল রয়ে গিয়েছেন। মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনয় সহস্রবুদ্ধের মন্তব্য ছিল, বিজেপিতে খুব বেশি রকমের ‘ট্যালেন্ট ঘাটতি’ রয়েছে। এবারের সম্প্রসারণও সেই কথাকে প্রমাণ করল।
মন্ত্রিসভার এই সম্প্রসারণ ও রদবদলের মধ্য দিয়ে নরেন্দ্র মোদি নিজের বলা একটি কথাকেও উপহাস করলেন। ক্ষমতালাভের পর তিনি বলেছিলেন, ‘মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স’। মাত্র ৪৫ জন সদস্য নিয়ে শুরু করে মোদি তাঁর মন্ত্রিসভার বহর ৭৮-এ নিয়ে গিয়ে নরেন্দ্র মোদি ‘মিনিমাম’ ও ‘ম্যাক্সিমামের’ সেই ফারাকটি কিন্তু মুছে দিলেন।