মোদি ও নিতীশের বাঁচা-মরার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের বিহার রাজ্যে বিধানসভার নির্বাচন শুরু হচ্ছে আজ সোমবার থেকে। পাঁচ ধাপে অনুষ্ঠেয় নির্বাচন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংস্কার কর্মসূচির প্রতি জনসমর্থনের একটি পরীক্ষা, আবার অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নেতৃত্বে গড়া আঞ্চলিক ধর্মনিরপেক্ষ শক্তির ভবিষ্যৎও নির্ভর করছে এ নির্বাচনের ওপর। খবর হিন্দুস্তান টাইমসের।
নির্বাচনের শেষ দিকে এসে বিহারে মোদির বিরামহীন প্রচারই বলে দেয়, নির্বাচন নিয়ে কতটা চিন্তায় আছে তাঁর দল বিজেপি। নির্বাচনপূর্ব একাধিক জরিপই এ চিন্তার কারণ। সেসব জরিপ অনুযায়ী, বিহারের বিজয়মালা নিতীশের নেতৃত্বাধীন জোটের গলাতেই ঝুলবে। বিহারে জেতা নানা কারণে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে বিজয়ী হলে রাজ্যসভায় বিজেপির অবস্থান সুদৃঢ় হবে। লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভা এখনো বিরোধীদের দখলে। আর্থিক সংস্কারে নেওয়া একাধিক বিল আটকে আছে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার অভাবে।
বিহারে বিজেপি হারলে দলটির বিজয়ে এত দিন ব্যবহার করা মোদি কার্ড যে আর কাজ করছে না, তার প্রমাণ হয়ে যাবে। গত ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির কাছে বিজেপির বিরাট পরাজয় মোদির ভাবমূর্তি মলিন করে তুলেছিল। বিহারে বিজেপি হারলে এ মালিন্য আরও প্রবল হবে।
বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটগুলো বিহারে একেবারে কোমর কষে নেমেছে। সেখানে ক্ষমতাসীন নিতীশের জনতা দলের (সংযুক্ত) সঙ্গে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেস মিলে মহাজোট বা তাদের ভাষায় ‘মহাগটবন্ধন’ করেছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের পাশাপাশি এখানে প্রতিদ্বন্দ্বিতায় আরও আছে সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন তৃতীয় ফ্রন্ট এবং নতুন সমন্বিত বামফ্রন্ট।
নির্বাচনে বিজেপি উচ্চ শ্রেণির হিন্দুদের ভোট নিশ্চিত করার পাশাপাশি নিম্নবর্ণের ভোট পাওয়ার জন্য সাবেক মুখ্যমন্ত্রী জীতন রাম মাঝির সঙ্গে হাত মিলিয়েছে। নিতীশের জোটের বড় ভোটব্যাংক মুসলিম ভোটার। বিহারের মোট জনসংখ্যার ১৭ শতাংশ মুসলিম। এ ছাড়া যাদব এবং কুর্মিদের ভোট পেতেও মরিয়া এ জোট। আজ প্রথম পর্যায়ে ছয়টি জেলায় ভোট হচ্ছে। আগামী ৮ নভেম্বর নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
এদিকে নির্বাচনপূর্ব জরিপে নিতীশ-লালু জোটের বিজয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। সিএনএন-আইবিএন ও এক্সিসের জরিপে এ জোট ১২৯ থেকে ১৪৫টি আসন পাবে বলে জানানো হয়েছে। জরিপ অনুযায়ী, ২৪৩ আসনের বিধানসভায় জোট ৪৬ শতাংশ ভোট পাবে। অন্যদিকে ৩৮ শতাংশ ভোট পেয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পাবে ৮৭ থেকে ১০৩ আসন।