মোদি কেবল 'শো-বাজি' করেছেন: সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

ভারতের কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ক্ষমতার মেয়াদের এক-চতুর্থাংশ শেষ করেছেন মোদি। তবে তিনি এখন পর্যন্ত ‘শো-বাজি’ ছাড়া কিছু করেননি।
ভারতের বিহারের পাটনায় গতকাল রোববার কংগ্রেস, জনতা দল (সংযুক্ত-জেডিইউ), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও সমাজবাদী পার্টির (এসপি) মিলিত সমাবেশে এ কথা বলেন সোনিয়া। খবর টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের।
আগামী সেপ্টেম্বরের শেষদিক থেকে অনুষ্ঠিতব্য বিহারের বিধানসভা নির্বাচনে এই চার দল গাঁটছড়া বেঁধেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে। সেই নির্বাচনের আগে চার দলের মিলিত ‘স্বয়াভিমান (আত্মমর্যাদা) সমাবেশ’ অনুষ্ঠিত হলো গতকাল।
ব্যপম কেলেঙ্কারি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ কাটছাঁট, বিতর্কিত ভূমি অধিগ্রহণ বিল, কৃষকদের দুরবস্থা—মোদির বিরুদ্ধে কথা বলতে গিয়ে এসবের কোনো কিছুই বাদ দেননি সোনিয়া। তিনি বলেন, মোদি ক্ষমতায় এসে এক কোটি বেকারের চাকরির ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কোথায় গেল সেই চাকরি? মোদি সরকার আসলে কৃষকবিরোধী সরকার। সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিদারুণভাবে কাটছাঁট করা হয়েছে।
ভারতের পার্লামেন্টে পাস হওয়ার জন্য ঝুলে থাকা ভূমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে সোনিয়া বলেন, ‘সরকার কৃষকের জমি দখল করতে চায়। আমরা পার্লামেন্টে কৃষকের অধিকারের জন্য লড়াই করছি। আমাদের দাবির কাছে সরকারকে মাথা নত করতেই হবে।’
মোদির বিরুদ্ধে তোপ দাগতে সোনিয়ার সঙ্গে গতকালের সমাবেশে শামিল হন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডির প্রধান লালু প্রসাদ যাদব। বলেন, ‘মোদির জমানায় সোনা-রুপার দাম কমছে, হু হু করে বাড়ছে পেঁয়াজ আর ডালের দাম। আমি স্মার্ট সিটি চাই না। চাই স্মার্ট গ্রাম।’
২৪৩ আসনের বিহার বিধানসভায় বিজেপিবিরোধী এই জোট ইতিমধ্যেই আসন ভাগাভাগির ঘোষণা দিয়েছে। এর মধ্যে জনতা দল (সংযুক্ত-জেডিইউ) ও আরজেডি প্রত্যেকে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০০টি আসনে, কংগ্রেস ৪০টি এবং বাকি তিনটি পাবে শারদ পাওয়ারের এনসিপি।