মোদি থেকে মুখ ফিরিয়েছে কৃষক
তারাচাঁদ মাথুর ভারতের লাখো কৃষকের একজন, যিনি গত বছর অনেক আশা নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছিলেন। ৬৪ বছর বয়সী এই বৃদ্ধ ভেবেছিলেন, মোদির নেতৃত্বাধীন বিজেপির সরকার তাঁর মতো কৃষকদের দিন পাল্টে দেবে। দেনার দায়ে জর্জরিত হওয়ার মতো দুর্দশা থাকবে না। কিন্তু এক বছরেই তাঁর সে আশা ভেঙে খান খান।
তারাচাঁদের মতো অনেক কৃষকই এখন বলছেন, মোদির সরকার কৃষকদের সুবিধা দেওয়া দূরে থাক, উল্টো তাঁদের জমি লুটে নেওয়ার ধান্ধা করছে। জলভরা চোখে তারাচাঁদ আক্ষেপ করে বলেন, ‘আমি একেবারে ধ্বংসের কানায় এসে পৌঁছেছি।’
রাজধানী নয়াদিল্লির ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে কানঝাওয়ালা গ্রামের বাসিন্দা তারাচাঁদ একজন দরিদ্র কৃষক। অসময়ে প্রচুর বৃষ্টি হওয়ায় তাঁর গমখেতের বারোটা বেজে গেছে। শস্যের সর্বনাশ হওয়ায় তিনি ভেবেছিলেন, সরকার সদয় হবে তাঁর মতো গরিব কৃষকদের ওপর। কিন্তু সে গুড়ে বালি। বুকভরা ব্যথা নিয়ে তিনি বলেন, ‘বৃষ্টিদেবতা আমাদের কথা শুনছেন না, মোদিও কান বন্ধ করে রেখেছেন।’
একই গ্রামের আরেক বৃদ্ধ কৃষক বালজিৎ সিং। ২০০৫ সালে তৎকালীন সরকার জোর করে তাঁর জমির দখল নিয়ে নেয় বলে দাবি তাঁর। কিন্তু এখন পর্যন্ত না পেয়েছেন ক্ষতিপূরণ, না পেয়েছেন জমি ফেরত। বালজিৎ বলেন, ‘ভেবেছিলাম, মোদির সরকার আমাদের এ সমস্যা নিয়ে কাজ করবে। এ জন্য তাঁকে ভোট দিয়েছিলাম, কিন্তু দেখেন তিনি কী করছেন! আমরা তাঁকে দ্বিতীয়বার চাই না।’
শুধু বালজিৎ সিং নন, এমন আরও অনেক কৃষক একই অভিযোগে মোদির ওপর নাখোশ। তাঁরা যে আশা নিয়ে মোদিকে ভোট দিয়েছিলেন, এখন উল্টো বরং মোদি তাঁদের ডোবাতে বসেছেন। এই অভিযোগ ক্ষুব্ধ কৃষকদের।
সরকার অবশ্য ভিন্ন কথা বলছে। তারা বলছে, উৎপাদন ও উন্নয়নের জন্য জমির প্রয়োজন। দলের মুখপাত্র নরসিমা রাও এএফপিকে বলেন, ‘উৎপাদন-শিল্পকে ত্বরান্বিত করতে জমির প্রয়োজন। বর্তমানে যে জমি আছে, সেখান থেকেই এটা নিতে হবে। শূন্যের মধ্যে তো কোনো শিল্প গড়ে উঠতে পারে না।’
মোদি সম্প্রতি মাসিক বেতার অনুষ্ঠানে বারবার কৃষকদের কাছে মিনতি করে বলেন, ‘কৃষকেরাই শেষ ভরসা।’ তবে সমালোচকেরা বলছেন, ভারতের উন্নতি দরকার, তবে তা গরিবদের ক্ষতি করে না। জমি ও পরিবেশ-বিষয়ক আইনজীবী সঞ্জয় পারিখ বলেন, ‘সরকার মনে করছে সম্পদগুলো সরকারের, কিন্তু সেটা ভুল। সম্পদ সব জনগণেরই। জমি অবশ্যই কৃষকের থাকা প্রয়োজন।’
অলাভজনক জাতীয় জোটের একজন নেতা ভূপেন্দর রাওয়াত মনে করেন, এই বিলটি বিজেপির রাজনীতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। তিনি এএফপিকে বলেন, ‘কৃষকেরা বোকা নন। কৃষকেরা জানেন মোদি আসলে—কী করতে চাইছেন। মোদি বাইরে যাচ্ছেন এবং বিনিয়োগকারীদের বলছেন, “তোমরা ভারতে এসো, আমরা তোমাদের কম মূল্যে জমি ও শ্রমিক দেব। ” এর মধ্য দিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’