
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির সহসভাপতি রাহুল গান্ধী বিজেপির সাংসদ কীর্তি আজাদকে দল থেকে বরখাস্তের জের ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন। রাহুলের অভিযোগ, নিজের অর্থমন্ত্রী অরুণ জেটলির দুর্নীতির বিষয়ে ‘চুপ মেরে’ আছেন মোদি। খবর এনডিটিভির।
কংগ্রেস নেতা রাহুল গতকাল বৃহস্পতিবার নিজের সংসদীয় এলাকা উত্তর প্রদেশের আমেথিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি এ সময় প্রধানমন্ত্রীকে জেটলির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।
দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) সংশ্লিষ্ট ডিডিসিএর প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কথিত আর্থিক অনিয়মের বিষয়ে সাংসদ ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ সমালোচনা করার পর গত বুধবার তাঁকে দল থেকে বরখাস্ত করা হয়।
রাহুল বলেন, ‘মোদিজি নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, তিনি নিজে দুর্নীতি করবেন না, কাউকে করতেও দেবেন না... কিন্তু আজ তাঁর নিজের সাংসদ দুর্নীতির অভিযোগ তোলার পরও তিনি চুপ মেরে আছেন।’
তবে রাহুলের সমালোচনা উড়িয়ে দিয়ে বিজেপির ন্যাশনাল সেক্রেটারি শ্রীকান্ত শর্মা বলেছেন, ‘রাহুল গান্ধীর নিজের দিকে তাকিয়ে কথা বলা উচিত। তিনি নিজে ন্যাশনাল হেরাল্ড নিয়ে জালিয়াতি করেছেন এবং সেই মামলায় বর্তমানে জামিনে আছেন।’