মোদি প্যাকেজিং মাস্টার: সোনিয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘প্যাকেজিং মাস্টার’ বলে কটাক্ষ হেনে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, একই জিনিসকে নানা মোড়কে ভরে উপস্থাপনে ওঁর জুড়ি নেই। গতকাল শনিবার বিহারের ভাগলপুরে এক নির্বাচনী সভায় সোনিয়া আরও মন্তব্য করেন, প্রধানমন্ত্রী বিদেশে থাকতেই বেশি ভালোবাসেন। দেশে থাকলে মানুষকে স্রেফ ভাঁওতা দেন। বিহারের ভোট দেশকে এক নতুন দিশা দেখাবে।
লালু-নীতিশের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর ৩০ আগস্ট সোনিয়া পাটনায় স্বাভিমান সমাবেশে ভাষণ দিয়েছিলেন। নির্বাচনের দিন ঘোষণার পর গতকালই তিনি প্রথম জনসভা করলেন। গত লোকসভা নির্বাচনে প্রবল মোদি-হাওয়াতেও ভাগলপুরে বিজেপির প্রার্থী শাহনেওয়াজ হোসেন হেরেছিলেন। তার উল্লেখ করে সোনিয়া বলেন, এই কেন্দ্রের মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। বিজেপিকে তাঁরা এবারও ‘উপযুক্ত জবাব’ দেবেন।
বিহারের পাঁচ দফা ভোটের প্রথমটি ১২ অক্টোবর। নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটির কাছে এই ভোট বাঁচা-মরার লড়াই। মোদি মোট ২২টির মতো জনসভা করবেন। তাঁর বিহার সফর শুরুও হয়ে গেছে। অমিত শাহ তো এরই মধ্যে ঘাঁটি গেড়েছেন রাজ্যটিতে। বিজেপির শীর্ষ নেতারা গোটা রাজ্যে ৫০০-এর মতো জনসভা করবেন। রাজ্যকে ১২টি এলাকায় ভাগ করে এক একটির দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতাদের। লালু-নীতিশ-সোনিয়া-রাহুলও বসে থাকছেন না। সোনিয়া ও রাহুল মিলে প্রায় ৫০টি জনসভায় ভাষণ দেবেন।