মোদি মন্ত্রিসভায় 'নির্বাচনী' রদবদল

লোকসভার আগামী নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রিসভার তৃতীয় রদবদলটি ঘটিয়ে ফেললেন। আজ রোববার সকালের এই রদবদলে পুরোনো মন্ত্রীদের মধ্যে চারজনের পদোন্নতি ঘটিয়ে পূর্ণমন্ত্রী করা হলো, নতুন মন্ত্রী করা হলো নয়জনকে।
মন্ত্রিসভার রদবদলের পর এদিন বিকেলে প্রধানমন্ত্রী মোদি ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন রওনা হন। তার আগে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন, তা ঠিক হওয়ার কথা। কিন্তু দুপুর পর্যন্ত সে–সংক্রান্ত সরকারি ঘোষণা নেই।
বিভিন্ন সরকারি সূত্র অনুযায়ী অবশ্য জানা যাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অরুণ জেটলি ছেড়ে দিচ্ছেন। সেই দায়িত্ব পাচ্ছেন নির্মলা সীতারামণ। যদিও আজ রাতেই জেটলির জাপান সফরে যাওয়ার কথা প্রতিরক্ষাবিষয়ক দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে। খুব সম্ভবত রেলমন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল। রেল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সুরেশ প্রভু। তিনি টুইট করে রেলের সাড়ে ১৩ লাখ কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন। সুষমা স্বরাজও সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পাচ্ছেন স্মৃতি ইরানি।
সরকারি সূত্রের মতে, এই রদবদলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর ‘নতুন ভারত’ গড়ে তোলার স্বপ্ন সাকার করতে চলেছেন। সেই অর্থে এটা সম্পূর্ণভাবেই নতুন ‘টিম মোদি’। এই নতুন ভারতের লক্ষ্য একটাই, ‘প্রোগ্রেস’ বা উন্নয়ন। সেই লক্ষ্যে পৌঁছাতে প্রধানমন্ত্রী চার ‘পি’-এর ওপর জোর দিয়েছেন। ‘প্রোফিসিয়েন্সি’ বা কর্মদক্ষতা, ‘পলিটিক্যাল অ্যাকুমেন’ বা রাজনৈতিক বোধশক্তি, ‘প্রোফেশনালিজম’ বা পেশাদারি এবং ‘প্যাশন’ বা আবেগ।
সেই লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী মোদি কিন্তু শরিক দলের ওপর নির্ভর করেননি। আজ যে রদবদল তিনি ঘটালেন, তা সম্পূর্ণভাবেই বিজেপির অভ্যন্তরীণ বিষয় হয়ে দাঁড়াল। দুই সপ্তাহ আগে সংযুক্ত জনতা দল নিতীশ কুমারের নেতৃত্বে এনডিএতে যোগ দিলেও তাদের কাউকে এই মন্ত্রিসভায় নেওয়া হয়নি। স্থান পায়নি এআইএডিএমকেও। শিবসেনার কারও পদোন্নতি না হওয়ায় তারাও ক্ষুব্ধ। রাষ্ট্রপতি ভবনে রদবদলের অনুষ্ঠানে তারাও হাজির হয়নি। কাজেই মনে করা হচ্ছে, ২০১৯–এর সাধারণ নির্বাচনের আগে এটাই হয়তো শেষ বদল নয়।
পদোন্নতির পর যে চারজন পূর্ণমন্ত্রী হলেন, তাঁদের মধ্যে রয়েছেন পেট্রোলিয়াম ও রসায়ন প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সীতারামণ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী পীযূষ গোয়েল ও সংসদীয় প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। নতুন যে নয়জন মন্ত্রিসভার সদস্য হলেন, তাঁদের মধ্যে দুজন সাবেক আমলা, একজন সাবেক কূটনীতিক ও একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। সাবেক আমলারা হলেন সচিব রাজকুমার সিং ও আলফোন্স কান্নানথানম। রাজকুমার সিং ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আলফোন্সের পরিচিতি দিল্লির জবরদখল উচ্ছেদকারী বা ‘ডেমলিশন ম্যান’ হিসেবে। সাবেক কূটনীতিক হরদীপ সিং পুরি ছিলেন জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং সাবেক পুলিশ কর্তা সত্যপাল সিং ছিলেন মুম্বাইয়ের পুলিশ কমিশনার। রাজকুমার সিং ও সত্যপাল গত নির্বাচনে যথাক্রমে বিহারের আরা ও উত্তর প্রদেশের বাগপত থেকে নির্বাচিত হন। হরদীপ পুরি ও আলফোন্সকে ছয় মাসের মধ্যে সংসদের যেকোনো কক্ষের সদস্য হতে হবে। অন্য প্রতিমন্ত্রীরা হলেন কর্ণাটক থেকে লোকসভা সদস্য অনন্ত কুমার হেগড়ে, রাজস্থানের লোকসভা সদস্য গজেন্দ্র সিং শেখাওয়াত, উত্তর প্রদেশের সাংসদ শিবপ্রতাপ শুক্ল, বিহারের সাংসদ অশ্বিনী কুমার চৌবে ও মধ্যপ্রদেশের সাংসদ বীরেন্দ্র কুমার।
আরও পড়ুন :