মোদি যাবেন, তাই শ্রীলঙ্কায় ভিমরুল উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগানে ভিমরুলের অবাধ বিচরণে এত দিন তেমন সমস্যা ছিল না। কিন্তু এবার সেই ভিমরুলের পাল দূর করতে উঠেপড়ে লেগেছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ। কারণ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই চা-বাগান পরিদর্শনে যাবেন। তাঁর গায়ে যেন কোনো ভিমরুল হুল না ফোটায়, সেটা নিশ্চিত করতেই প্রাণীটির বিরুদ্ধে এমন উচ্ছেদ অভিযান শুরু হয়।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১২৫ কিলোমিটার পূর্বে হাটন এলাকার পুলিশ ওই চা-বাগান থেকে ভিমরুল তাড়াতে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। মোদি ও তাঁর সফরসঙ্গীরা আগামী শুক্রবার ওই নয়নাভিরাম জায়গা সফর করবেন। বেসরকারি সংগঠন ‘বি প্রটেকশন অর্গানাইজেশন’ বলেছে, তারা দুটি এলাকা থেকে ভিমরুলের চাক সরিয়ে দিয়েছে। এখন ভারতীয় সফরকারীরা আগ্রাসী প্রাণীটির বাধা ছাড়াই হেলিকপ্টারযোগে সেখানে নামতে পারবেন।
ভিমরুল বিতাড়ন দলটির প্রধান তিসা বান্দারা থামাবাভিতা বলেন, স্থানীয় দুটি হেলিপ্যাডের কাছে ভিমরুলের দুটি বিশাল চাক ছিল। হেলিকপ্টার অবতরণকালে এরা বিরক্ত হয়ে অনেক সময় আশপাশের লোকজনের গায়ে হুল ফোটাতে শুরু করে। এখন এই ভিমরুলের পালকে সরিয়ে দেওয়ায় বিশেষ অতিথিরা নির্বিঘ্নে সফর করতে পারবেন।
থামাবাভিতা আরও বলেন, তাঁরা ওই প্রাণীগুলোকে মারেননি, বরং কাছাকাছি আরেকটি জঙ্গলে সেগুলোর পুনর্বাসন করেছেন। মোদির অবতরণের আগে তারা যাতে চা-বাগানে ফিরতে না পারে, সেই ব্যবস্থা করতে আরেকটি দল মোতায়েন করা হয়েছে।