
নরেন্দ্র মোদির সরকারকে তুলাধোনা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে গতকাল মঙ্গলবার তিনি বলেন, যেখানে সম্প্রীতি ছিল, আজ সেখানে দ্বন্দ্ব। যেখানে সহিষ্ণুতা ছিল, আজ সেখানে প্ররোচনা। যেখানে পরিস্থিতি ছিল মোটামুটি শান্ত, সেই কাশ্মীরেও আজ হানাহানি, উত্তেজনা ও ভয়ের বাতাবরণ। যে দেশ ছিল বৈচিত্র্যে পূর্ণ, আজ সেখানে জবরদস্তি একমুখী ক্ষুদ্রমনস্কতায় নিমজ্জিত করার প্রচেষ্টা।
সোনিয়া গান্ধীর মতে, এটাই মোদি সরকারের তৃতীয় বর্ষপূর্তির নির্যাস।
সরাসরি ঘোষণা না হলেও এই বৈঠকেই ঠিক হয়েছে, ১৫ অক্টোবরের মধ্যে রাহুল গান্ধী দলের সভাপতি নির্বাচিত হবেন। ডিসেম্বরের মধ্যে সেরে ফেলা হবে সাংগঠনিক নির্বাচনের সার্বিক প্রক্রিয়া।
সোনিয়া গান্ধী বলেন, মোদি সরকারের যেটুকু সাফল্য, তা কংগ্রেস সরকারের শুরু করা প্রকল্প ও কর্মসূচির হাত ধরেই। কিন্তু সেখানেও তারা দেশের এক বিপুল দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সুফল দিতে ব্যর্থ। কংগ্রেস সভানেত্রীর কথায়, শুধু নোট বাতিলের সিদ্ধান্তই যে মানুষকে বিপাকে ফেলেছে তা নয়, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ব্যর্থ। দেশের আনাচে-কানাচে কৃষকেরা আত্মহত্যা করছেন।
ওয়ার্কিং কমিটির এই বৈঠকে দেশের অর্থনীতির কড়া সমালোচনা করেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। নোট বাতিলের সিদ্ধান্ত হঠকারী—এ অভিযোগের পুনরাবৃত্তি করে তিনি বলেন, বেসরকারি পুঁজি লগ্নি না হওয়ায় অর্থনীতি এগোচ্ছে একটামাত্র ইঞ্জিনে ভর দিয়ে। সরকারি লগ্নি। ফলে চতুর্থ ত্রৈমাসিকে শিল্প ক্ষেত্রে ‘গ্রস ভ্যালু অ্যাডেড’ (জিভিএ) প্রবৃদ্ধি ২০১৬ সালের মার্চের ১০ দশমিক ৭ শতাংশ থেকে এক বছরের মাথায় ২০১৭ সালের মার্চে ৩ দশমিক ৮ শতাংশে নেমেছে। এর ফলে মানুষের হাতে কাজ কমে গেছে হু হু করে।
সামাজিক অসহিষ্ণুতার কড়া সমালোচনা করে সোনিয়া বৈঠকে বলেন, জাত, ধর্ম, বর্ণ, খাদ্যাভ্যাস সব বিষয়ে বিভেদ সৃষ্টি করে দেশের বৈচিত্র্যের ওপর আঘাত হানা হচ্ছে। নষ্ট করে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যাবতীয় ধ্যানধারণা।
বৈচিত্র্যপূর্ণ এই দেশের বহুত্ববাদী চরিত্র রক্ষাই কংগ্রেসের কর্তব্য, সে কথা উল্লেখ করে সোনিয়া বলেন, দলকে সে জন্য প্রস্তুত থাকতে হবে।