
কারও নাম উল্লেখ না করেই ক্ষমতাসীন বিজেপি সরকারের কড়া সমালোচনা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। গো-রক্ষা বা গো-ভক্তির নামে কিংবা গরুর মাংস বিতর্ককে কেন্দ্র করে দেশজুড়ে একের পর এক সহিংসতায় মুসলিম হত্যায় ক্ষোভ প্রকাশ করে প্রবণ মুখার্জি বলেন, ‘যখন উন্মত্ত ভিড় অযৌক্তিক ও নিয়ন্ত্রণহীন হয়ে গণপিটুনি দেয়, তখন আমাদের একটু ভাবা উচিত, আমরা কি যথেষ্ট সতর্ক? আমাদের আরও সক্রিয় হয়ে দেশের মূল ভাবনাকে রক্ষা করতে হবে। সতর্কতাই অন্ধকার ও পশ্চাদগামিতাকে ঠেকাতে পারে।’
আর মোদি সরকারের দিকে নিশানা তাক করে সরব সোনিয়া গান্ধী বলেন, যাঁদের হাতে আইন রক্ষার ভার, তাঁরাই এতে মদদ দিচ্ছেন।
ন্যাশনাল হেরাল্ড পত্রিকার উদ্যোগে স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও কংগ্রেস প্রেসিডেন্ট এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দর্শক আসনে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও।
ভারতের বহুত্ববাদী মতবাদ ‘আক্রমণের শিকার’ হয়েছে উল্লেখ করে সরকারের ‘কুশাসন’-এর এই মুহূর্তে দেশটির বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সোনিয়া গান্ধী। একই মঞ্চে রাষ্ট্রপতির আগে তিনি বলেন, কে কী খাবে না, কাকে ভালোবাসবে না, কী বলতে পারবে না, এমনকি কী চিন্তায় আনতে পারবে না—তাও বিদ্বেষপরায়ণেরা এখন দেশবাসীর ওপর চাপিয়ে দিচ্ছে।
উল্লেখ্য, গরুর মাংস খাওয়ার ‘অপরাধে’ গত সপ্তাহে দিল্লির কাছাকাছি এক ট্রেনে ১৬ বছর বয়সী এক মুসলিম কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। দাদরি থেকে অলওয়ার, হরিয়ানার বল্লভগড় থেকে ঝাড়খন্ডের রামগড়—দেশের নানা প্রান্তে বিজেপি-শাসিত রাজ্যগুলোতে একের পর এক গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেই চলেছে। আর প্রতিটি ঘটনাতেই অভিযুক্ত কেন্দ্রের শাসক দল বিজেপি। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিদেশেও।